


প্রাগ: প্যারিস ডায়মন্ড লিগের পর গোল্ডেন স্পাইক মিট। তিন দিনের ব্যবধানে দু’টি শীর্ষ স্থানীয় প্রতিযোগিতায় জোড়া সোনা জিতলেন নীরজ চোপড়া। তবুও চেক প্রজাতন্ত্র থেকে পূর্ণ তৃপ্তির সঙ্গে ফিরছেন না তিনি। কারণ সাফল্য পেলেও প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারছেন না। গোল্ডেন স্পাইক মিটে সোনা জয়ের পথে মাত্র ৮৫.২৯ মিটার জ্যাভেলিন ছুড়তে সক্ষম হয়েছেন ভারতের সোনার ছেলে। নীরজের সেরা থ্রোয়ের (৯০.২৩ মিটার) থেকে যা অনেকটাই কম। তাই প্রতিযোগিতার শেষে নীরজ বলেন, ‘ছোটবেলায় এই আসরে জান জেলজেনি, উসেইন বোল্টের মতো চ্যাম্পিয়নদের দেখেছি। সেই থেকে স্বপ্ন ছিল আমিও এখানে সোনা জিতব। প্রথমবারেই সাফল্য পেয়ে ভালো লাগছে। তবে নিজের পারফরম্যান্সে একেবারেই খুশি নই।’
মোট ৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এই আসরে। জার্মানির জুলিয়ান ওয়েবারের অনুপস্থিতিতে নীরজই ছিলেন সোনার প্রধান দাবিদার। কারণ অ্যান্ডারসন পিটার্স গত মরশুম থেকে ফর্ম হাতড়াচ্ছেন। চেক প্রজাতন্ত্রেও তার ব্যতিক্রম হল না। তিনি তৃতীয় স্থান দখল করলেন ৮৩.৬৩ মিটার দূরত্ব ছুড়ে। আর রুপো জেতেন দক্ষিণ আফ্রিকার দৌ স্মিথ (৮৪.১২)। ফলে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি নীরজকে। ৯০ মিটারের কাছাকাছি পৌঁছতে না পারার সেটাও একটা কারণ। এই প্রসঙ্গে ওলিম্পিকসে জোড়া পদক জয়ী বলেন, ‘এটা আমার কাছেও খুব হতাশার। এখানে জ্যাভেলিন থ্রো খুব জনপ্রিয়। দর্শকদের থেকে ক্রমাগত উৎসাহ পেয়েছি। তবু সেরাটা মেলে ধরতে পারিনি। কথা দিচ্ছি, খুব শীঘ্রই ফের ৯০ মিটার ছুড়ে দেখাব।’ নীরজের পরবর্তী লক্ষ্য নিজের উদ্যোগে আয়োজিত ‘এনসি ক্ল্যাসিক’ মিটে ভালো ফল করা। বেঙ্গালুরুতে ৫ জুলাইয়ের সেই ইভেন্টে অংশ নিতে পারেন জুলিয়ান ওয়েবার এবং অ্যান্ডারসন পিটার্স। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ওই প্রতিযোগিতায় দেখা যাবে না প্যারিস ওলিম্পিকসে সোনা জয়ী আরশাদ নাদিমকে। উল্লেখ্য, এই পাক তারকাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেকেরই বিরাগভাজন হয়েছিলেন নীরজ।