


নয়াদিল্লি: ডায়মন্ড লিগের ফাইনালের টিকিট আগেই নিশ্চিত হয়ে গিয়েছে নীরজ চোপড়ার। তাই শুক্রবার ব্রাসেলসে অনুষ্ঠেয় লিগের শেষ লড়াই থেকে নাম তুলে নিলেন ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার। এর আগে ১৬ আগস্ট সাইলেসিয়া লিগেও নামেননি তিনি। আসলে চলতি বছর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন নীরজ। শক্তি বাঁচাতে বেছে বেছে টুর্নামেন্টে নামার পরিকল্পনা নিয়েছেন নীরজ। ২৮ আগস্ট সুইজারল্যান্ডের জুরিখে আয়োজিত হবে ডায়মন্ড লিগের ফাইনাল। ইতিমধ্যেই তার যোগ্যতা অর্জন করেছেন নীরজ। দোহা ডায়মন্ড লিগে তিনি ছুঁয়েছেন ৯০ মিটারের ম্যাজিক ফিগার। সেই আসরে ৯০.২৩ মিটার ছুড়েও রুপোতে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে।