


টোকিও: গত রবিবার এশিয়া কাপ ক্রিকেটের আসরে ভারত-পাকিস্তান ম্যাচে কোনও উত্তেজনাই ছিল না। সূর্যকুমারদের তেজে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছিলেন শাহিন আফ্রিদিরা। তবে মরুদেশে ‘হ্যান্ডশেক’ বিতর্ক ঝড় তুলেছে ক্রীড়া দুনিয়ায়। এই আবহে বুধবার বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নামছেন ভারতের নীরজ চোপড়া ও পাকিস্তানের আর্শাদ নাদিম। ২০২৪ প্যারিস ওলিম্পিকসের পর এই প্রথম দুই প্রতিযোগী লড়বেন একই আসরে। নীরজের কাছে এই আসর খুবই গুরুত্বপূর্ণ। তাঁর কাছে খেতাব ধরে রাখার লড়াই। রয়েছে নজির গড়ার হাতছানি। সফল হলে তিনি হবেন এই আসরে শিরোপা ধরে রাখার রেকর্ডে তৃতীয় ব্যক্তি। এর আগে নীরজের কোচ জান জেলেজনি (১৯৯৩, ৯৫) ও অ্যান্ডারসন পিটার্সের (২০১৯, ২২) ঝুলিতে রয়েছে এই কৃতিত্ব।
বুধবার হবে যোগ্যতা অর্জন পর্বের লড়াই। নীরজ ও নাদিম রয়েছেন আলাদা গ্রুপে। মূলপর্বে উঠলে বৃহস্পতিবার জ্যাভেলিনে ভারত-পাক দ্বৈরথ। উল্লেখ্য, ১২ রাউন্ডের লড়াইয়ে কাট-অফ মার্ক ৮৪.৫০ মিটার অতিক্রম করতে পারলে মিলবে মূল পর্বের টিকিট। গ্রুপ পর্ব থেকে উঠে আসা ১৯ জনকে নিয়ে হবে ফাইনাল। ২০২৩ সালে বুদাপেস্টের আসরে সোনা জেতার সুবাদে নীরজ পেয়েছেন ওয়াইল্ড কার্ড এন্ট্রি। তবে চলতি মরশুমে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ ভারতের সোনার ছেলে। এই বছর বড় আসরে তাঁর ঝুলিতে এসেছে মাত্র একটি সোনা। তবে দীর্ঘ প্রতীক্ষার পর দোহা ডায়মন্ড লিগে অবশেষে তিনি ৯০ মিটারের ম্যাজিক ফিগার ছুঁতে পেরেছিলেন ৯০.২৩ মিটার বর্শা ছুড়ে। আর সেই আত্মবিশ্বাস নিয়েই বুধবার বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নামছেন নীরজ। অন্যদিকে, চলতি বছরে নাদিমের এটি দ্বিতীয় প্রতিযোগিতা। এর আগে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৮৬.৪০ মিটার জ্যাভেলিন ছুড়ে সোনা জিতেছিলেন তিনি। তারপর পায়ের পেশিতে হয় অস্ত্রোপচার। প্যারিস গেমসে কেরিয়ারের সেরা পারফর্ম করেছিলেন তিনি (৯২.৯৭)। নীরজ-নাদিমকে ঘিরে পারদ চড়লেও নজর রাখতে হবে জার্মানির জুলিয়ান ওয়েবারের দিকে। এবছর দুরন্ত ফর্মে তিনি।