


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৩ মে, রবিবার ডাক্তারিতে ভর্তির অভিন্ন পরীক্ষা নিট। দেশের বিভিন্ন মেডিকেল-ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস’এ ভর্তির এই প্রবেশিকা অন্যতম বড়ো পরীক্ষা হিসেবে বিবেচিত। আজ পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ইস্যু করার কথা আছে বলে জানা গিয়েছে। এবার পরীক্ষার্থীর সংখ্যা রেকর্ড ছাপিয়ে যেতে পারে বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল। শেষ পাঁচবছরে এই পরীক্ষায় বসেছিলেন ১৫.৪৪ লক্ষ, ১৭.৬৪ লক্ষ, ২০.৩৮ লক্ষ, ২৩.৩৩ লক্ষ এবং ২২.০৯ লক্ষ। যাবতীয় কড়াকড়ি এবং ব্যবস্থাগ্রহণ সত্ত্বেও প্রতিবারই নিট আয়োজককে অস্বস্তির প্রধান কারণ হয়ে ওঠে ভুয়ো পরীক্ষার্থীদের চক্র। চাঞ্চল্যকর বিষয় হল, প্রতিবার এই চক্রে বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের একাংশ যুক্ত থাকেন বলে অভিযোগ । এবার পরীক্ষার আগের দিন অর্থাৎ ২ মে এবং পরীক্ষার দিন ৩ মে দেশের সমস্ত মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের ছুটি দেওয়া যাবে না বলে জানালেন কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব। ব্যতিক্রমী কারণ ছাড়া যেন ওই দু’দিন কোনও ডাক্তারি পড়ুয়াকে ছুটি না দেওয়া হয়। প্রসঙ্গত ভুয়ো পরীক্ষার্থী চক্রের তদন্তে নেমে একাধিকবার পুলিশ দেখেছে বেশ কিছু মেডিকেল কলেজের পড়ুয়াদের একাংশ অ্যাডমিট কার্ডে কারিকুরি করে নিটের দিন আসল পরীক্ষার্থীদের হয়ে পরীক্ষা দিয়ে আসেন। বদলে মোটা টাকা পান। সেই চক্র ভাঙতেই এবার এই পদক্ষেপ—এমনই জানা গিয়েছে।