


নেদারল্যান্ডস-৫ : সুইডেন-১
হিউস্টন: কমলা ঝড়ে বেসামাল সুইডেন। আক্রমণের রোলারে প্রতিপক্ষকে পিষে দিল রোনাল্ড কোম্যানের দল। একইসঙ্গে সুইডিশদের ৫–১ গোলে বশ মানাল টোটাল ফুটবলের দেশ। প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে দু’বার লিড নিয়েও ড্র করেছিল নেদারল্যান্ডস। ডাচ রক্ষণ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এদিন অবশ্য বিপক্ষকে গোলের মালা পরিয়ে সমর্থকদের সব হতাশা মিটিয়ে দিল গুলিত, বাস্তেনের দেশ। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস।
সুইডেন শক্তিশালী প্রতিপক্ষ। তাদের মেপে নিতে এদিন ৪-৩-৩ ফর্মেশনে দল সাজিয়েছিলেন ওলন্দাজ কোচ কোম্যান। শুরুতেই চমক। ম্যাচের ৫ মিনিটে কডি গাকপোর চমৎকার মাইনাসে পা ছুঁইয়ে জাল কাঁপান ব্রায়ান (১-০)। ১৭ মিনিটে ব্যবধান বাড়ালেন সেই ব্রায়ান। এক্ষেত্রে বিপক্ষ বক্সের ডানদিক থেকে মাইনাস রেখেছিলেন ডামফ্রায়েস। জাল কাঁপাতে ভুল হয়নি ব্রায়ানের (২-০)। ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের হয়ে খেলেন ডাচ স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের সুইডেন ডিফেন্সে ফাটল ধরাল কোম্যানের দল। এক্ষেত্রেও গোলের কারিগর ডামফ্রায়েস। ৪৭ মিনিটে ডানদিক থেকে উঠে এসে অনবদ্য মাইনাস রেখেছিলেন। জাল কাঁপাতে ভুল করেনি গাকপো (৩-০)। ছ’মিনিট পরেই ফের গাকপোর পালা। সামারভিলের পাস ধরে হেলায় গোলরক্ষরকে পরাস্ত করেন তিনি (৪-০)। এরপর প্রতি-আক্রমণে ব্যবধান কমান এলাঙ্গা (৪-১)। ৮৯ মিনিটে বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সামারভিল (৫-১)। এদিকে, সোমবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় বেলজিয়াম খেলবে ইরানের বিরুদ্ধে। ‘জি’ গ্রুপে নিউজিল্যান্ড, বেলজিয়াম, মিশর ও ইরান-চারটি দলেরই ১ পয়েন্ট। এই ম্যাচে না জিতলে টিনটিনের দেশ প্রবল চাপে পড়বে।