


হ্যামিলটন, ১ নভেম্বর: সিরিজের শেষ ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারাল কিউয়িরা। সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিল টিম ইন্ডিয়া। আজ, রবিবার টি২০ সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয় ভারত-নিউজিল্যান্ড। এদিন হ্যামিলটনের সেডন পার্কে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। শুরুতেই ১ রানে আউট হন ওপেনার অভিষেক শর্মা। ৪ রানে ফিরে যান সঞ্জু স্যামসন। ৩২ বলে ৬১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান কিপার ঈশান। ২৩ বলে হাফসেঞ্চুরি করে আউট হন অধিনায়ক শ্রেয়স। মাত্র ৬ রানে আউট হন তিলক। ৩৩ রানের মাথায় ব্লেয়ারের বলে ব্রেসওয়েলের হাতে ক্যাচ তুলে আউট হন নমন। ২২ রানে ফিরে যান নীতীশ। ৬ রান করেন ভুবনেশ্বর কুমার। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান করে ভারত। কিউয়িদের হয়ে অ্যাডাম ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট পান ন্যাথান এবং ব্লেয়ার।
জয়ের জন্য ১৯২ রানের টার্গেটে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। প্রথমেই মাত্র ২ রানে আউট হয়ে যান ফিন অ্যালেন। ১৬ বলে ২৯ রান করেন ড্যারেল। বিধ্বংসী ইনিংস খেলেন কিপার টিম সেইফোর্ট। ৫০ বলে ৯৩ রান করেন। মারেন ৫টি ছয় এবং ১১টি চার। ৩৮ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। শেষে ২ ওভার বাকি থাকতেই ১৮ ওভারে জয়ের জন্য ১৯৫ রান তুলে নেয় নিউজিল্যান্ড দল। ভারতের হয়ে ১টি করে উইকেট পান অর্শদীপ, বরুণ এবং নীতীশ। ম্যাচের সেরা হন অ্যাডাম এবং প্লেয়ার অব দ্য সিরিজ হন ফিলিপস। সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় টিম ইন্ডিয়া।