


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতারণা, তোলাবাজি, প্রাণনাশের হুমকি এবং লটারির জেতা টিকিট ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। সোমবার দক্ষিণেশ্বর এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তীর্থঙ্কর ঘোষ একসময় পানিহাটি পুরসভার কাউন্সিলর ছিলেন। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক অভিযোগ জমা পড়েছিল। অভিযোগের ভিত্তিতে গত কয়েক দিন ধরে পুলিশ তাঁর খোঁজ চালাচ্ছিল। অবশেষে সোমবার দক্ষিণেশ্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের এক আধিকারিক জানান, তীর্থঙ্করের বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা, প্রাণনাশের হুমকি দেওয়া এবং লটারিতে জেতা টিকিট জোর করে কেড়ে নেওয়ার চেষ্টার মতো গুরুতর অভিযোগ রয়েছে। তাছাড়াও পানিহাটির এক বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় নাম রয়েছে এই তীর্থাঙ্করের। আর এই সব অভিযোগগুলির তদন্তের ভিত্তিতেই তাঁকে আজ গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, রাজ্যে পালাবদলের পর তিনি তিরুপতিতে গিয়ে গা ঢাকা দিয়ে ছিলেন, এরপর গতকাল সেখান থেকে ফিরে আসতেই দক্ষিণেশ্বর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আ়জ তীর্থাঙ্কর ঘোষকে বারাকপুর আদালতে তোলা হলে সেখানে বিক্ষোভের মুখে পড়েন তিনি। আদালত চত্বরে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটে। এদিকে, একই মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষও পুলিশের খোঁজে রয়েছেন বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যায়নি।
গত ১১ জুলাই তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটি সভায় নির্মল ঘোষকে প্রকাশ্যে দেখা যায়। এরপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে, পুলিশের খোঁজে থাকা সত্ত্বেও কীভাবে তিনি প্রকাশ্যে সভায় উপস্থিত হলেন। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, ওই সভায় নির্মল ঘোষকে তিনি আমন্ত্রণ জানাননি এবং তাঁর উপস্থিতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।