


লখনউ: বিয়েতে মিউজিক পরিবেশন করাই তাঁদের কাজ। এতদিন কেউ তাঁদের জিজ্ঞাসা করেনি, ‘হিন্দু না ওরা মুসলিম’। তবে এবার সেই সুখ ও সম্প্রীতির আবহ বদলে যেতে চলেছে মোরাদাবাদে। সৌজন্যে যোগী সরকারের পুলিসের একটি সিদ্ধান্ত। সম্প্রতি পুলিসের তরফে জারি করা এক নির্দেশে বলা হয়েছে, মুসলিম মালিকরা আর তাঁদের ব্যান্ডের নাম হিন্দু দেবদেবীর নামে রাখতে পারবেন না। এর পরেই শুরু হয়েছে বিতর্ক।
সূত্রের খবর, গোটা ঘটনার নেপথ্যে রয়েছে শাবি শর্মা নামে এক আইনজীবীর অভিযোগ। গত ৯ জুলাই মুখ্যমন্ত্রীর পোর্টালে অভিযোগ দায়ের করে তিনি জানান, মোরাদাবাদে ১৫ থেকে ২০ জন মুসলিম মালিক হিন্দু দেবদেবীর নাম দিয়ে ব্যান্ড চালাচ্ছেন। এতে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। এর পরেই মোরাদাবাদের এসপি (সিটি) কুমার রণবিজয় সিং মুসলিম ব্যান্ড মালিকদের ডেকে হিন্দু দেবদেবীর নাম ব্যবহার করতে নিষেধ করেন।