


সংবাদদাতা, ঘাটাল: তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে নিরাপত্তা খতিয়ে দেখতে রবিবার রাতেই মঞ্চ ও সন্নিহিত এলাকা পরিদর্শন করলেন জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা।
আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম জেলা। আগামী কাল বুধবার দাসপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশিস হুদাইতের সমর্থনে দাসপুর থানার জগন্নাথপুরে একটি বিশাল জনসভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই প্রোফাইল এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে উঠেছে। জগন্নাথপুর এলাকায় ম্যারাপ বাঁধার কাজও শুরু হয়ে গিয়েছে যুদ্ধকালীন তৎপরতায়। সভার প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রবিবার রাতে সশরীরে এলাকায় পৌঁছন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার। তাঁর সঙ্গে ছিলেন জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। মণ্ডপ যেখানে তৈরি হচ্ছে, সেই এলাকাটি তিনি দীর্ঘক্ষণ ধরে পর্যবেক্ষণ করেন। এছাড়া তৃণমূলের হেভিওয়েট নেতার কনভয় কোন পথে আসবে, সভার সময়ে যানজট নিয়ন্ত্রণের ব্যবস্থা কী হবে এবং সাধারণ মানুষের ভিড় সামলানোর জন্য ব্যারিকেড কোথায় কোথায় থাকবে সেই সব খুঁটিনাটি খতিয়ে দেখেন তিনি। সভার নিরাপত্তা যাতে নিশ্ছিদ্র হয়, তার জন্য পুলিশ কর্মীদের প্রয়োজনীয় নির্দেশও দেন এসপি। এলাকা পরিদর্শন শেষে তিনি সাফ জানিয়ে দেন, নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না।
তৃণমূলের প্রার্থী আশিস হুদাইত বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভাকে ঘিরে কয়েক বেশ হাজার মানুষের সমাগম হবে। দাসপুর বিধানসভা এলাকায় জনসভাটি হলেও জগন্নাথপুর গ্রামটি পূর্ব মেদিনীপুর জেলার সামনেই। তাই ওই যুব নেতাকে সামনে থেকে দেখার জন্য কোলাঘাট এবং পাঁশকুড়া থানা এলাকা থেকেও প্রচুর মানুষের ভিড় হবে। আশিসবাবু বলেন, আমরা সেই কথা প্রশাসনকে জানিয়ে দিয়েছি।
পুলিশ জানিয়েছে, সেই কথা মাথায় রেখেই সভাস্থল ও তার চারপাশ বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া সাধারণ পোশাকের পুলিশ ও মহিলা পুলিশ বাহিনীও মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যায়। পুলিশ সুপারের এই ঝটিকা সফর এবং কড়া অবস্থান থেকে এটা স্পষ্ট কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ বলে রাজনৈতিক মহল মনে করছে।
অন্য দিকে, তৃণমূল প্রার্থীর সমর্থনে এই সভা ঘিরে শাসক শিবিরের অন্দরে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। দলের স্থানীয় নেতৃত্ব জানিয়েছেন, জগন্নাথপুরের এই সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন, তা কর্মীদের মনোবল বহুগুণ বাড়িয়ে দেবে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সভার দিন সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়। সোমবার রাতে দাসপুরের জগন্নাথপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল পরিদর্শনে পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার।-নিজস্ব চিত্র