


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইস্যু তুলে ধরুন। কিন্তু মানুষের মৃত্যু নিয়ে এই মুহূর্তে কোনওরকম রাজনীতি করবেন না। আগামী বছর গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের কথা অবশ্যই খেয়াল রাখুন। বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে বঙ্গ বিজেপির জন্য বুধবার এমনই নির্দেশিকা জারি করেছে দলের কেন্দ্রীয় পার্টি। শুধু তাই নয়, দিল্লির যাবতীয় সরকারি কর্মসূচি কাটছাঁট করে বুধবারই কলকাতায় ফিরতে বলা হয় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে। দলীয় নির্দেশ মেনে এদিন দুপুরের মধ্যেই তিনি কলকাতায় ফিরে আসেন বলে বিজেপির শীর্ষ সূত্রে খবর। সার্বিক বিষয়টিকে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক তথ্যাভিজ্ঞ মহল।
কেন্দ্রীয় পার্টির এহেন নির্দেশিকার প্রেক্ষিতে দলের বঙ্গ ব্রিগেড অবশ্য আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। তবে দলীয় নেতাদের একটি অংশের ব্যাখ্যা, আদতে ‘মুখ সামলে’ কথা বলার নির্দেশ দিতে চেয়েছেন দিল্লির নেতারা। কারণ রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে অনেক সময়ই নেতারা বিতর্কিত কিংবা বেফাঁস কথা বলে ফেলেন। তা সামলাতে হিমশিম খেতে হয়। বড়বাজারের অগ্নিকাণ্ডে এতজন মারা গিয়েছেন, সেখানে আলটপকা প্রতিক্রিয়ায় দলের অস্বস্তি আরও বাড়বে। সেই আশঙ্কা থেকেই এই নির্দেশিকা।