


নয়াদিল্লি: টোল প্লাজার দীর্ঘ লাইনের ঝক্কি শেষ! এবার চলন্ত গাড়ি থেকেই স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেবে প্রযুক্তি। চলতি বছরের শেষদিকে গোটা দেশজুড়েই নতুন ব্যবস্থা চালু হয়ে যাবে বলে আশ্বাস কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাদকারির। একটি অটো সামিটে গাদকারি জানিয়েছেন, গাড়ির নম্বর প্লেট চিহ্নিতকরণ ও ফাসট্যাগের প্রযুক্তির মিশেলে এই নতুন ব্যবস্থা চালু হতে চলেছে। তিনি বলেন, ‘আপনারা না থেমে ৮০ কিলোমিটার গতিবেগে গাড়ি চালান। আমরা স্বয়ংক্রিয় ভাবে টোল কেটে নেব। কত কিলোমিটার গাড়ি চলছে, তার উপর নির্ধারিত হবে টোলের পরিমাণ।’ ইতিমধ্যেই দেশের ৮৫টি টোল প্লাজায় এই নতুন টোল চালু হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
জানা গিয়েছে, এই এমএলএফএফ বা মাল্টি লেভেল ফ্রি ফ্লো টোল সিস্টেমের আওতায় টোল প্লাজাগুলিতে কোনো বাধা থাকবে না। মাথার উপর থাকা ফাসট্যাগের স্ক্যানার, ক্যামেরা ও সেন্সরের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেওয়া হবে। ফলে গাড়ি চালকদের টোল প্লাজায় দাঁড়াতে হবে না। স্বাভাবিকভাবেই দীর্ঘ লাইনের ঝক্কি থেকে মুক্তি মিলবে।