


নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: একই দিনে জোড়া দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বীরভূমের সিউড়িতে। বৃহস্পতিবার সকালে শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে এক নার্স এবং ইন্দিরা পল্লী এলাকা থেকে এক স্কুল শিক্ষকের মৃতদেহ উদ্ধার করে সিউড়ি থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃত নার্সের নাম অনুশ্রী মাল (২১)। বুধবার রাত আটটা নাগাদ তিনি হাসপাতালে ডিউটিতে যোগ দেন। বৃহস্পতিবার সকালে হাসপাতালের তিন নম্বর কেবিনের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় সন্দেহ হয় কর্মীদের। পরে দরজা ভেঙে ওই নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে, সিউড়ির ইন্দিরা পল্লীতে নিজের বাড়ি থেকে এক স্কুল শিক্ষকের পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। তিনি জেলার একটি স্কুলের রসায়নের শিক্ষক। বাড়িতে একাই থাকতেন। গত তিন দিন ধরে তিনি স্কুলে যাননি। বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে প্রতিবেশীদের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী এসে পচাগলা দেহটি উদ্ধার করে। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। দু’টি ক্ষেত্রেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।