


রেড কার্পেট থেকে সেরা অভিনেতার পুরস্কার ঘোষণা— ৮৩তম ‘গোল্ডেন গ্লোব’-এর মঞ্চে তাক লাগালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই মঞ্চে ফের ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের জয়জয়কার। টিভি নমিনেশন বিভাগে সেরা সহ অভিনেতার পুরস্কার জিতল ওয়েন কুপার। মাত্র ১৬ বছর বয়সে এই পুরস্কার সত্যিই নজির তৈরি করল। এর আগে ১৫ বছর বয়সে এমি জিতেছিল ওয়েন। তা ছাড়া হাতে এসেছে ক্রিটিক’স চয়েজ অ্যাওয়ার্ড। এবার গোল্ডেন গ্লোব হাতে নিয়ে শিশুশিল্পী বলেছে, ‘এই মঞ্চে দাঁড়িয়ে রয়েছি, বিশ্বাসই হচ্ছে না। কী অপূর্ব জার্নি ছিল আমার ও আমার পরিবারের। তা বর্ণনা করা সম্ভব নয়। আমি সত্যিই আপ্লুত।’ অভিজ্ঞ অভিনেতাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছে ওয়েন। পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছিল সিরিজটি। এর মধ্যে জয় এল চারটিতে। সেরা লিমিটেড সিরিজ, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন সিরিজের কলাকুশলীরা। চলতি বছরের গোল্ডেন গ্লোবের মঞ্চে পুরস্কার প্রেজেন্টার হিসেবে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
স্বামী নিক জোনাসের সঙ্গে রেড কার্পেটে হেঁটেছেন প্রিয়াঙ্কা। ‘ব্ল্যাকপিঙ্ক’ খ্যাত লিসার সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার দিয়েছেন অভিনেত্রী। টিভি নমিনেশনে ‘দ্য পিট’-এর জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অভিনেতা নোয়া ওয়াইল। তাঁর নাম ঘোষণা করেন প্রিয়াঙ্কা। তাঁর কথায়, ‘এই অ্যাওয়ার্ড দেওয়ার সুযোগ পেয়ে আমি অভিভূত।’ ‘অ্যাডোলেসেন্স’-এর মতো চারটি পুরস্কার পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার আনাদার’। লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত এই ছবি সেরা ছবি (মিউজিক্যাল কমেডি) নির্বাচিত হয়েছে। এছাড়াও এই সিনেমার জন্য সেরা সহ অভিনেত্রী হয়েছেন টেয়ানা টেলর, সেরা পরিচালক পেয়েছেন পল থমাস আন্ডারসন। সেরা স্ক্রিন প্লে’র পুরস্কারও জিতল এই সিনেমা। ‘মার্টি সুপ্রিম’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন টিমোথি শ্যালামেট। প্রথমবার ‘গোল্ডেন গ্লোব’ পেলেন অভিনেতা। সেরা অ-ইংরেজি ছবি নির্বাচিত হয়েছে ‘দ্য সিক্রেট এজেন্ট’। এ বছর একটি নতুন বিভাগ শুরু হয়েছে। সেরা পডকাস্ট। এই বিভাগে পুরস্কৃত হল ‘গুড হ্যাং উইথ অ্যামি পোহলার’।