


ফ্লোরিডা: ফুটবল মাঠে ম্যাচ শেষে জার্সি বদল নতুন কিছু নয়। তবে বিপক্ষ দলে যদি লায়োনেল মেসি থাকেন, তাহলে তাঁর জার্সি কে হাতছাড়া করতে চান! বুধবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অব সিক্সটিনের লড়াইয়ে ইন্তার মিলান বনাম ন্যাশভিলের ম্যাচ শেষে এমনই এক দৃশ্য দেখা গেল। গোলশূন্য ম্যাচে শেষ বাঁশি বাজতেই মেসিকে ঘিরে ধরলেন প্রতিপক্ষের চার ফুটবলার। দূর থেকে তা দেখা মাত্রই ছুটে এলেন রেফারি। চেষ্টা করলেন তাঁদের সরিয়ে দেওয়ার। তবে হাসিমুখেই বিপক্ষ ফুটবলারদের কিছু নির্দেশ দিলেন আর্জেন্তাইন মহাতারকা। আসলে ম্যাচ শেষে মেসির কাছে জার্সি চাইলেন চারজন। কাকে দেবেন বুঝতে না পেরে প্রত্যেককে টানেলে আসতে বলেন বাঁ পায়ের জাদুকর। তারপর প্রত্যেককেই সই করা জার্সি উপহার দেন তিনি। এদিকে, পুরো বিষয় বোঝা মাত্রই নিজেকে সামলাতে পারলেন না ম্যাচের দায়িত্বে থাকা রেফারিও। তিনিও মেসির কাছে জার্সি চাইলেন। আর তখনই ফিক করে হেসে ফেলেন আর্জেন্তাইন মহাতারকা। তবে এটা নতুন কিছু নয়। অতীতে একাধিকবার ম্যাচ হারের পরও মেসির জার্সি পেয়ে হাসি মুখে মাঠ ছেড়েছেন প্রতিপক্ষের ফুটবলাররা। শুধু তাই নয়, সেগুলোকে স্মারক হিসেবে সংগ্রহে রেখেছেন অনেকেই।