


নয়াদিল্লি: মঞ্চ থেকে প্রায়শই ‘সবকা সাথ সবকা বিকাশ’ মন্ত্র আওড়াতে শোনা যায় মোদি-শাহদের। গণতন্ত্রের ঢাকও পেটান তাঁরা। কিন্তু বর্তমান সরকারে বিরোধীদের যে কোনো জায়গা নেই, সিআইসি নিয়োগকে কেন্দ্র করে তা আরও একবার স্পষ্ট হল। জানা গিয়েছে, চিফ ইনফরমেশন কমিশনার নিয়োগে রাহুল গান্ধীর প্রস্তাবকে পাত্তাই দেয়নি প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নির্বাচন কমিটি। কোনো যুক্তি, মতামত না শুনেই শাহর সুপারিশে অনুযায়ী এই পদে বেছে নেওয়া হয়েছে রাজকুমার গোয়েলকে।
চিফ ইনফরমেশন কমিশনার হিসাবে প্রাক্তন আইন সচিব রাজকুমার গোয়েলকে সুপারিশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে গত বছর ১০ ডিসেম্বরে উচ্চ-পর্যায়ের এক বৈঠকে ভিন্নমত পোষণ করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গোয়েলের জায়গায় তিনটি নাম প্রস্তাব করেছিলেন তিনি। কংগ্রেস সাংসদের পছন্দের তালিকায় ছিল— প্রাক্তন আইএএস আধিকারিক সুমিতা দাওরা, ওড়িশা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এস মুরলিধর ও শিক্ষাবিদ ফয়জান মুস্তাফা। তাঁর দাবি ছিল, নিয়োগের ক্ষেত্রে যথাযথ প্রতিনিধিত্বের অভাব ও জাতিগত বৈষম্য রয়েছে। শেষমেশ বিরোধী মতামতকে উপেক্ষা করেই গোয়েলকে বেছে নেয় নির্বাচন কমিটি।