


নয়াদিল্লি: সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগ থাকা কোনও গোপন বিষয় নয়। সাক্ষাত্কারে স্বীকারই করে নিলেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো। অবশ্য তিনি যুক্তি দিয়েছেন, এই সম্পর্ক এখন অতীত। সংস্কারের মাধ্যমে পাকিস্তান সেই ইতিহাস থেকে বেরিয়ে এসেছে। কয়েকদিন আগেই ব্রিটিশ সংবাদমাধ্যমে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানিয়েছিলেন, গত তিন দশক ধরে পাকিস্তান জঙ্গিদের সমর্থন ও প্রশিক্ষণ দিয়ে চলেছে। আসিফের দাবি ছিল, আমেরিকা ও পশ্চিমী দুনিয়ার জন্যই জঙ্গিদের সমর্থনে পাকিস্তান বাধ্য হয়েছে।
ওই একই সংবাদমাধ্যমে বিলাবল জানান, প্রতিরক্ষামন্ত্রীর কথায় কোনও ভুল নেই। তিনি বলেছেন, ‘পাকিস্তানের যে খারাপ অতীত রয়েছে, তা কোনও গোপন বিষয় নয়। আর তার পরিণতিতে সবাই ভুগেছি, গোটা দেশ ভুগেছে। এটা আমাদের ইতিহাসের দুর্ভাগ্যজনক অধ্যায়।’ তাঁর বক্তব্য, ‘আমাদের একের পর এক সন্ত্রাসবাদের ঢেউয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আর তা থেকে আমরা শিক্ষা নিয়েছি। এই সমস্যা মেটাতে অভ্যন্তরীণ সংস্কার করতে হয়েছে।’ তবে বিলাবলের দাবি, ইসলামাবাদ আর সন্ত্রাসবাদীদের সমর্থন করে না। কিছুদিন আগেই ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন বেনজির-পুত্র। পহেলগাঁও হামলার পর ভারত সিন্ধু চুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করেছিল। তার জবাবে বিলাবলকে বলতে শোনা যায়, জল না পেলে
রক্ত বইবে।