


নয়াদিল্লি: ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের কাছে শোচনীয় পরাজয় হয়েছিল পাকিস্তানের। তারপর পেরিয়ে গিয়েছে অর্ধশতকের বেশি সময়। বঙ্গোপসাগরে পাকিস্তানের নৌবাহিনীর উপস্থিতি কার্যত বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু এবার ভারতের বিরুদ্ধে নয়া ষড়যন্ত্রে নামছে ইসলামাবাদ। দীর্ঘ ৫৫ বছর পর বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা করেছে শাহবাজ শরিফের সরকার। পাঠানো হবে চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি একটি হাঙর ক্লাস ডুবোজাহাজ। ইসলামাবাদের এহেন পদক্ষেপে ভূরাজনৈতিক দিক থেকে শান্তিপ্রিয় দক্ষিণ এশিয়ায় অস্থিরতা বাড়বে বলে মনে করছে কূটনৈতিক মহল।
‘হাঙর’ নামটির সঙ্গে ইতিহাসও জড়িয়ে রয়েছে। ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের সাবমেরিন ‘পিএনএস হাঙর’ ডুবিয়ে দিয়েছিল ভারতের যুদ্ধজাহাজ ‘আইএনএস খুকরি’কে। স্বাধীনতার পর সেই প্রথম কোনো যুদ্ধে ভারতের কোনো যুদ্ধজাহাজ ডুবে যায়। পাকিস্তানও এই ঘটনাকে সফল অভিযান হিসাবে দাবি করেছিল। ‘আইএনএস খুকরি’ ডুবে গেলেও যুদ্ধে কোনো প্রভাব পড়েনি। স্থল, আকাশ ও নৌবাহিনীর হাতে শোচনীয় পরাজয়ের শিকার হয় পাক সেনা। কিন্তু নতুন করে সেই বিতর্ক উসকে দিতেই বঙ্গোপসাগরে ‘হাঙর’ সাবমেরিন বেছে নিয়েছে পাকিস্তান।