


নয়াদিল্লি: গত মরশুম ভালো যায়নি ঋষভ পন্থের। একের পর এক ধাক্কা সামলে উঠতে হয়েছে তাঁকে। টেস্ট দলে সহ-অধিনয়েকের দায়িত্ব হাতছাড়া হয়েছে। ওয়ান ডে টিম থেকে বাদ পড়েছেন। এই অবস্থায় শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজকেই পাখির চোখ করেছেন বাঁ হাতি উইকেটরক্ষক। তিনি জানেন, পুরানো জায়গা ফিরে পেতে হলে তাঁকে ভালো পারফর্ম করতেই হবে। ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছেন ধ্রুব জুরেল, লোকেশ রাহুলরা। তাই শ্রীলঙ্কায় পাড়ি দেওয়ার আগে ধোনির কাছে বিশেষ ট্রেনিং নিলেন পন্থ। তাঁদের দু’জনকে একসঙ্গে জিমে সময় কাটাতেও দেখা গিয়েছে। রাঁচিতে ধোনির বাড়িতেই ছিলেন ঋষভ। ধোনিকে তিনি ‘গুরু’ হিসেবেই মানেন। শ্রীলঙ্কার পিচে বল ঘুরবে। সেক্ষেত্রে দস্তানা হাতে সেরাটা মেলে ধরা বেশ কঠিন চ্যালেঞ্জ। তাই মাহির ভোকাল টনিক এবং মূল্যবান পরামর্শে হার্ডল পেরতে চাইছেন ঋষভ। আসলে শ্রীলঙ্কা সফরে ব্যর্থ হলে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ কমবে। এমনিতেই সীমিত ওভারের ক্রিকেটে পন্থের অফ ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে অনেক। আইপিএলে অধিনায়ক হিসাবেও ব্যর্থ। পরে তিনি দলও ছেড়েছেন। কঠিন পরিস্থিতিতে টেস্ট ফরম্যাটকেই আঁকড়ে ধরতে চাইছেন ঋষভ। গত মরশুমে লাল বলে ভালো পারফর্ম করেছিলেন তিনি। ৭টি ম্যাচে ১৩ ইনিংসে তাঁর সংগ্রহ ছিল ৬২৯ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। টেস্ট ফরম্যাটে সহ-অধিনায়ক থেকে সরানো হলেও নির্বাচকপ্রধান অজিত আগরকরের সাফ কথা ছিল, ‘লাল বলের ক্রিকেটে ঋষভের কোনো বিকল্প নেই।’