


বোস্টন: সালটা ২০১৯। প্যারাগুয়ের অনূর্ধ্ব-২০ দলের জার্সি গায়ে তরুণ গোলরক্ষক অরল্যান্ডো গিল। চোখে স্বপ্ন, বুকে বারুদ। কিন্তু বাস্তবটা বড়ো নির্মম। ম্যাচের পর ম্যাচ ভালো পারফরম্যান্সের পরও সিনিয়র দলে ব্রাত্য। এরপর ২০২২ সালে সন্তান জন্মালো শরীরে নানা জটিলতা নিয়ে। হাসপাতালের করিডরে চক্কর, চিকিৎসার জন্য হু হু করে বিল বাড়ছে। কিন্তু রোজগার কিছু নেই— অরল্যান্ডো দিশাহারা। ছেলের চিকিৎসার খরচ জোগাতে বিক্রি হল পুরানো সব ক্লাবের জার্সি, জুতো। এমনকি বাদ যায়নি অনূর্ধ্ব-২০ দলের সেই প্রিয় জার্সিও।
কাট টু ২০২৬। ফুটবল বিশ্বকাপে রাউন্ড অব ৩২-তে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও জার্মানিকে রুখে রেখেছে প্যারাগুয়ে। টাই-ব্রেকারে লাতিন আমেরিকার দলটির তেকাঠির নীচে সেই অরল্যান্ডো। হ্যাঁ, জার্সি বিক্রি করা অরল্যান্ডো। তাঁর দুরন্ত দু’টি সেভেই বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির। শেষ ষোলোয় প্যারাগুয়ে। সত্যিই ফুটবলের কিছু কিছু গল্প রূপকথাকেও হার মানায়।