


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ নবান্নে রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে কলকাতা, হাওড়া এবং বিধাননগর পুলিশ আধিকারিকদের বৈঠক হয়। তারপরই জানা গিয়েছে, বেআইনি পার্কিংয়ের ক্ষেত্রে ফাইন বা পেনাল্টি বাড়াতে চলেছে রাজ্য। এমনকী নাইট পেনাল্টির চার্জও বাড়বে। সমস্ত রকমের গাড়ির জন্যই পার্কিং কিনতে হবে। যা লাগু হবে নাইট পার্কিংয়ের ক্ষেত্রেও। পাশাপাশি গাড়ি কিনলে পার্কিং কিনতেই হবে, জানিয়েছেন পুরমন্ত্রী। এছাড়া বলা হয়েছে, ফুটপাতে গাড়ি বাইক রাখলেই পেনাল্টি করা হবে। এছাড়া অ্যাপ পার্কিং ব্যবস্থাও চালু হচ্ছে। যা হবে সম্পূর্ণ ক্যাশলেস।
কলকাতা পুরসভা এলাকায় ১০ হাজার পার্কিং টেন্ডার হবে। ৪ হাজার এমন এলাকা রয়েছে যেখানে পার্কিং হয় কিন্তু রাজস্ব আদায় হয় না। এবার সেটিতেও বদল ঘটানো হবে। এর পাশাপাশি আগামী ৩০ বছরের কথা ভেবে মাল্টিলেভেল পার্কিংও তৈরি করা হবে। ডালহৌসি এবং রুবিতে ওভারব্রিজ তৈরি করা হবে। মেট্রোপলিটন রাজারহাট সেতু দ্রুত নির্মাণ শুরু নিয়েও আলোচনা হয়েছে আজকের এই বৈঠকে। অন্যদিকে, আজ নবান্নে পুরমন্ত্রীর সঙ্গে দেখা করেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।