


বিপাকে কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে অভিনীত ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’। কপিরাইটের অভিযোগ তুলে এই ছবির প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশন’-এর বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হল ত্রিমূর্তি ফিল্মস। তাদের অভিযোগ, ১৯৯২ সালের বিখ্যাত গান ‘সাত সমুন্দর পার’ বিনা অনুমতিতে ব্যবহার করা হয়েছে কার্তিক ও অনন্যার ছবিতে। ব্যবহৃত হয়েছে গানের টিউন ও লিরিক্স। এর জন্য করণ জোহরের সংস্থা ‘ধর্মা’র কাছে কোনও অনুমোদন ছিল না।
সে কারণে বম্বে হাইকোর্টের দ্বারস্থ ত্রিমূর্তি ফিল্মস। সাম্প্রতিক সময়ে একাধিক পুরনো গানের রিমেক হয়েছে বলিউডে। তবে তা নিয়ে আইনি জটিলতার বিষয়ে খুব একটা শোনা যায়নি। এবার করণের সংস্থার কাছে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছে গানটির স্বত্ত্বাধিকারী প্রযোজনা সংস্থা। পাশাপাশি ‘সাত সমুন্দর পার’ গানটি কোনও সিনেমায় যাতে না ব্যবহার করা হয়, সে মর্মে নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে এখনও পর্যন্ত করণ ও তাঁর সংস্থার তরফে মুখ খোলা হয়নি।