


নয়াদিল্লি: ওডিআই ক্রিকেটে নেতৃত্ব থেকে রোহিত শর্মাকে সরানোয় সরগরম ক্রিকেটমহল। দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে। স্বাভাবিকভাবেই, ২০২৭ ওডিআই বিশ্বকাপে রোহিত-বিরাটের খেলা নিয়েও সংশয়ের বাতাবরণ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে শুভমান গিলকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে আশার বাণী শোনালেন নতুন অধিনায়ক। তাঁর কথায়, ‘অবশ্যই রোহিত ও বিরাট ভাই বিশ্বকাপের পরিকল্পনায় রয়েছে। ওরা কত বড় মানের ক্রিকেটার, তা আলাদা করে বলার প্রয়োজন নেই। ভারতকে বহু ম্যাচ জিতিয়েছে। ওদের অভিজ্ঞতা দলের সম্পদ।’
রোহিত শর্মার বয়স ৩৮। বিরাট কোহলির ৩৬। ইতিমধ্যে তাঁরা টি-২০ ও টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তাই দেশের হয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ নেই। দীর্ঘদিন পর অস্ট্রেলিয়া সফরে দেশের জার্সিতে দেখা যাবে তাঁদের। এই প্রসঙ্গে গিলের মন্তব্য, ‘রোহিত ভাই দীর্ঘদিন দক্ষতার সঙ্গে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছে। ওর কাছে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে, মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সত্যিই অনবদ্য। পাশাপাশি ড্রেসিং রুমে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে গিয়েছে রোহিত ভাই, যা দারুণ বিষয়।’ উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের শেষে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করা হয়। ওডিআই নেতৃত্বের খবর পেয়ে কেমন অনুভূতি ছিল গিলের? প্রশ্নের উত্তরে তরুণ অধিনায়ক বলেন, ‘খবরটা আগেই আমায় জানানো হয়েছিল। সত্যি বলতে, এই ফরম্যাটে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি খুবই খুশি। তবে বিষয়টি নিয়ে খুব বেশি ভাবতে চাই না। ম্যাচ বাই ম্যাচ এগতে চাই।’
এদিকে, বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা যেতে পারে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। জানা গিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে বিজয় হাজারে ট্রফির তিনটি ম্যাচ খেলতে পারেন দুই মহাতারকা। সম্প্রতি প্রাক্তন ক্রিকেটার অশ্বিনও তাঁর ইউটিউব চ্যানেলে বিরাট-রোহিতকে বিজয় হাজারেতে খেলোর পরামর্শ দিয়েছিলেন।