


সংবাদদাতা, খড়্গপুর: জুতো, ঝাঁটা দিয়ে বৃদ্ধা শাশুড়িকে মারধর। সমাজমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ নিল পুলিশ। এদিন সন্ধ্যায় অভিযুক্ত বউমাকে গ্রেপ্তার করল খড়্গপুর মহিলা থানার পুলিশ। ঘটনা ঘিরে শোরগোল রেল শহর খড়্গপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর ওয়ার্ডের খরিদা বাজার এলাকায়। নব্বই বছর বয়সী শাশুড়িকে নৃশংসভাবে মারধর করেন তাঁর বড়ো বউমা। বাড়ির অন্য এক বউমা ঘটনার প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরপর ওই বউমাই ভিডিও করে সমাজমাধ্যমে তা ছড়িয়ে দেন বলে সূত্রের খবর। আর সেই ভিডিও ভাইরাল হতেই এলাকাবাসীরা এদিন বিকেল নাগাদ বিক্ষোভ দেখান অভিযুক্তের বাড়ির সামনে। পৌঁছন স্থানীয় এক বিজেপি নেত্রীও। তিনিই বিষয়টি পুলিশের নজরে আনেন। এরপর এই ঘটনার ভিডিও দেখে দ্রুত পদক্ষেপ নেয় খড়্গপুর মহিলা থানার পুলিশ। ঘটনার নিন্দায় সরব হয়েছেন সমগ্র খড়্গপুরবাসী। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত বউমাকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করা হয়েছে।