


সংবাদদাতা, ডোমকল: সাগরপাড়ায় জোর করে ১৬ বছরের এক নাবালিকার বিয়ে দিচ্ছিল পরিবার। বৃহস্পতিবার রাতে খবর পেয়েই নাবালিকার বাড়িতে হানা দিয়ে বিয়ে আটকাল সাগরপাড়া থানার পুলিস। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সাগরপাড়ার একটি এলাকায় ওই নাবালিকাকে জোরপূর্বক বিয়ে দেওয়ার তোড়জোড় চলছিল। সেই খবর পেয়েই দুপুরে নাবালিকার পরিবারকে বুঝিয়ে বিয়ে বন্ধ করে বাড়ি গিয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠনের এক কর্মী। তার কয়েক ঘণ্টার মধ্যে পুনরায় জোরপূর্বক ওই নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টা করে পরিবার। জানতে পেরে সাগরপাড়ার ওই গ্রামে হানা দেয় পুলিস ও স্বেচ্ছাসেবী সংগঠনের ওই কর্মী। নাবালিকার বিয়ে বন্ধ করে দেয় পুলিস। পুলিস জানিয়েছে, পরিবারের সদস্যদের নাবালিকা অবস্থায় বিয়ে না দেওয়ার ব্যাপারে সচেতন করা হয়েছে। নাবালিকার মা নির্দিষ্ট বয়সের আগে মেয়ের বিয়ে দেবে না বলে মুচলেকা দিয়েছে। পুলিসের তরফে ওই পরিবারের উপর নজর রাখা হচ্ছে।