


সংবাদদাতা, বালুরঘাট: আত্রেয়ী নদীতে অবৈধভাবে বালি তোলার অভিযোগে বড়সড় অভিযান চালাল বালুরঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা ওই অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করছে পুলিশ। বালুরঘাটের কালিকাপুর ও ডাকরা নদীঘাটে এই অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে পাঁচটি দেশি নৌকা, দুটি জেসিবি, চারটি ট্রাক্টর এবং একটি ডাম্পার বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযোগ, দীর্ঘদিন ধরে আত্রেয়ী নদী থেকে অনুমতি ছাড়াই বালি তোলা হচ্ছিল। সম্প্রতি বালি পাচার বন্ধ করতে জেলা প্রশাসন ও পুলিশের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের বেলাতেই নদী থেকে লক্ষ লক্ষ টাকার বালি তোলা হচ্ছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় বালুরঘাট থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। বালুরঘাট থানার পুলিশ জানিয়েছে, অভিযানে বালি উত্তোলনের কাজে যুক্ত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাঁদের বালুরঘাট জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।