


ফিলাডেলফিয়া: শনিবার সকালে (ভারতীয় সময়) হাইতির বাধা সহজেই টপকাল ব্রাজিল। মার্কিন মুলুকে কাপযুদ্ধে সেলেকাওদের প্রথম জয়ের দিনে অবশ্য স্টেডিয়ামে দেখা মেলেনি দলের সেরা তারকা নেইমারের। নিউ জার্সিতে টিমের বেস ক্যাম্পে তখন একাকী ট্রেনিংয়ে মগ্ন ছিলেন তিনি। চোট সারিয়ে ম্যাচ ফিট হওয়ার লড়াই চালাচ্ছিলেন ব্রাজিলের ‘পোস্টার বয়’। স্কটল্যান্ডের বিরুদ্ধে তিনি মাঠে নামতে মরিয়া। শনিবার ম্যাচ শেষে কোচ কার্লো আনসেলোত্তি জানান, ‘নেইমার এখন পুরোপুরি সুস্থ। ক্রমশ ম্যাচ ফিট হয়ে উঠছে ও। সোমবার থেকে মূল দলের দলের সঙ্গেই ট্রেনিং সারবে নেইমার। আগামী ২৫ জুন স্কটল্যান্ড ম্যাচে খেলার জন্য সে তৈরি।’ আনসেলোত্তির এই ঘোষণার পরেই খুশির হাওয়া সাম্বা অনুরাগীদের মনে। উল্লেখ্য, ২০২৩ সালে শেষবার দেশের জার্সিতে কোনো ম্যাচ খেলেছিলেন নেইমার। তারপর চোটের কারণে বারবার ছিটকে যেতে হয়েছে। কিছুটা চাপের মুখে পড়েই নেইমারকে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে রাখেন আনসেলোত্তি। তবে চোটের জন্য বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচেও খেলতে পারেননি তিনি।
এদিকে, নেইমারের ফেরার খবরের মধ্যেই ব্রাজিল শিবিরে নতুন শঙ্কা রাফিনহাকে ঘিরে। শনিবার হাইতির বিরুদ্ধে ম্যাচের ৪০ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন এই তারকা ফুটবলার। সূত্রের খবর, পুরানো হ্যামস্ট্রিংয়ের চোট ফের মাথাচাড়া দিয়েছে। ফলে আগামী কয়েকটি ম্যাচে তাঁকে ছাড়াই দল সাজাতে হবে আনসেলোত্তিকে। এমনকি, গোটা টুর্নামেন্ট থেকেও ছিটকে যেতে পারেন তিনি। স্বাভাবিকভাবেই রাফিনহাকে নিয়ে চিন্তায় ব্রাজিল অনুরাগীরা।
মরক্কোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর হাইতির বিরুদ্ধে জয়ে খুশি কোচ আনসেলোত্তি। তিনি বলেন, ‘গত ম্যাচের তুলনায় হাইতির বিরুদ্ধে ছেলেরা এদিন অনেক বেশি কার্যকরী ফুটবল মেলে ধরেছে। বিশেষত আক্রমণভাগের ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার উন্নতি ঘটেছে। সব মিলিয়ে ছেলেদের পারফরম্যান্সে খুশি আমি। তবে ধারাবাহিকতা বজায় রাখাই এবার লক্ষ্য।’