


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক দিনের ঝগড়া, থাপ্পড় বা লাথি মারার ঘটনাকে আইনের পরিভাষায় নিষ্ঠুরতা বলে বিবেচনা করা যাবে না! বধূ নির্যাতনের এক মামলার রায়ে এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট। বধূ নির্যাতন বা গার্হস্থ্য হিংসার মামলা একদিনের অত্যাচারের ভিত্তিতে নির্ধারণ করা যায় না। এক্ষেত্রে ধারাবাহিক বা গুরুতর শারীরিক বা মানসিক নির্যাতনের প্রমাণ প্রয়োজন বলে রায়ে উল্লেখ করেছেন বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়।
ঘটনা হল, স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নারী নির্যাতন এবং স্ত্রীধন আত্মসাৎ করার অভিযোগে মামলা দায়ের করেছিলেন এক মহিলা। তাঁর দাবি, বিয়ের পর থেকে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা তাঁর উপর মানসিক এবং শারীরিক নির্যাতন করতেন। ২০২২ সালের ৭ জুলাই স্বামী তাঁকে বর্ধমান শহরে মারধর করেন বলে অভিযোগ। তাঁর সকল স্ত্রীধন আটকে রাখারও অভিযোগ করেছিলেন।