


প্যারিস, ২৫ অক্টোবর: একদিকে পুলিশের জলকামান, কাঁদানে গ্যাস আর ব্যারিকেড, অন্যদিকে প্রতিবাদীদের স্লোগান, উত্তেজনা আর প্রতিরোধের ছবি। তারই মাঝে হঠাৎ চোখে পড়ছে ব্ল্যাক প্যান্থার, ক্যাপ্টেন আমেরিকা, স্পাইডারম্যান কিংবা সুপারম্যানের মতো কাল্পনিক সুপারহিরোদের! মনে হচ্ছে, যেন মার্ভেলের অ্যাভেঞ্জার্স দলই নেমে পড়েছে ফ্রান্সের রাজপথে। তবে এ কোনও সিনেমার দৃশ্য নয়, বরং ফ্রান্সজুড়ে চলতে থাকা বিক্ষোভেরই এক অভিনব ছবি। প্রতিবাদের উত্তপ্ত আবহে সুপারহিরোদের এই উপস্থিতি ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।
সম্প্রতি প্যারিসের একটি বিক্ষোভস্থলের ভিডিওতে দেখা গিয়েছে, ব্ল্যাক প্যান্থার ও ক্যাপ্টেন আমেরিকার পোশাক পরা দুই ব্যক্তিকে। তাঁদের ঘিরে ভিড় জমিয়েছেন বিক্ষোভকারীরা। কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, কেউ আবার ভিডিও করছেন। এরপর দু’জনকে স্লোগান দিতে এবং উপস্থিত জনতার মনোবল বাড়ানোর চেষ্টা করতেও দেখা যায়। মুহূর্তেই মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই চিত্র।
উল্লেখ্য, সাম্প্রতি স্কুল-শিক্ষার দুরবস্থা-সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত ফ্রান্সের পরিস্থিতি। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ মানুষ। প্যারিস-সহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ ঘিরে অশান্তি ছড়িয়েছে। কোথাও ভাঙচুর, কোথাও আবার দোকানপাটে লুটপাটের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক এলাকায় আংশিক কার্ফু জারি করার পাশাপাশি জমায়েতের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। তবুও অশান্তি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রশাসনের নীতির প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন ৮ লক্ষেরও বেশি মানুষ। গত সপ্তাহের শেষ দিকে প্যারিস, লিয়ঁ ও মার্সেই-সহ একাধিক শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। সেই ঘটনায় অন্তত ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। পাশাপাশি প্রায় ৩ হাজার দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ সামনে এসেছে। ক্রমবর্ধমান অশান্তি সামাল দিতে বিভিন্ন এলাকায় কড়া বিধিনিষেধ জারির পথে হাঁটছে ফরাসি প্রশাসন। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর নির্দেশে একাধিক শহরে রাত ১১টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কার্ফু কার্যকর করা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, বাস্তিল স্কোয়ার-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে বিক্ষোভ ও জমায়েতের উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।