


সংবাদদাতা, মেখলিগঞ্জ: তামাক কেনাবেচা ঘিরে তোলাবাজির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল মেখলিগঞ্জ ব্লকের ধাপড়াহাট। ব্যবসায়ী সমিতির সম্পাদক সঞ্জীব পাণ্ডেকে ঘিরে শনিবার সকালে বিক্ষোভ দেখান স্থানীয় তামাক চাষিরা। আন্দোলনে যোগ দেন এলাকার অন্যান্য কৃষকরাও। অভিযোগ, সঞ্জীব পাণ্ডে ও তাঁর কয়েকজন সহযোগী বাইরের তামাক পাইকারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতেন। এর জেরে বহু পাইকার হাটে আসা বন্ধ করে দেওয়ায় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। এদিন বহু কৃষক তামাক বিক্রি করতে পারেননি বলে জানা গিয়েছে।
চাষিদের আরও অভিযোগ, বাইরের পাইকারদের দূরে সরিয়ে দিয়ে কম দামে তামাক কেনার সুযোগ করে দেওয়া হত স্থানীয় কিছু পাইকারকে। ব্যবসায়ী সমিতির একাংশের মদতেই দীর্ঘদিন ধরে এই অনিয়ম চলছিল বলে দাবি তাঁদের। ফলে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছিলেন কৃষকরা।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেখলিগঞ্জের মহকুমাশাসক অতনুকুমার মণ্ডল ও কুচলিবাড়ি থানার ওসি বিশ্বজিৎ মল্লিক। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মহকুমাশাসক অতনুকুমার মণ্ডল বলেন, চাষিদের অভিযোগ আমরা গুরুত্ব সহকারে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুচলিবাড়ি থানার ওসি বিশ্বজিৎ মল্লিক জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক রয়েছে।
অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ব্যবসায়ী সমিতির সম্পাদক সঞ্জীব পাণ্ডে। তাঁর দাবি, বাইরের পাইকারদের হাটে আসা নিয়ে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
উল্লেখ্য, ধাপড়াহাটে প্রতি বুধ ও শনিবার সাপ্তাহিক হাট বসে এবং ভোর থেকেই তামাক বেচাকেনা শুরু হয়। তবে এদিনের ঘটনার পর প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখন থেকে সকাল ৮টা থেকে হাট শুরু হবে। এদিকে, স্থানীয় কৃষক প্রশান্ত রায় বসুনিয়া, উকিল রায় ও ধনী রায় জানান, প্রশাসনের অনুরোধে আপাতত আন্দোলন তুলে নেওয়া হলেও শীঘ্রই লিখিত অভিযোগ দায়ের করা হবে।