


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৫ বলে ৫৮! নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে ঝড় তুললেন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে। তিনে নেমে আক্রমণাত্মক হাফ-সেঞ্চুরি ক্যামেরন গ্রিনেরও। নাইটদের জার্সি গায়ে চাপিয়ে প্রথমবার কোনও ম্যাচে নেমে ৩০ বলে অজি তারকার সংগ্রহ ৫২। আইপিএল অভিযান শুরুর আগে যা নিশ্চিতভাবে ভরসা দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স শিবিরকে।
সোমবার ইডেনে ইন্ট্রা স্কোয়াড ম্যাচে নজর কাড়লেন কিউয়ি ওপেনার ফিন অ্যালেনও। ‘গোল্ড’ দলের হয়ে তিনি রাহানের সঙ্গে ওপেন করেন। দু’জনে প্রথম উইকেটে তোলেন ৭২। ১৫ বলে ৩১ করেন অ্যালেন। ক্রিজে এসে দ্বিতীয় বলেই লং অনের উপর দিয়ে তুলে বাউন্ডারি মারেন গ্রিন। পাওয়ার প্লে’তে ‘গোল্ড’ দল তোলে ৮০-১। নাইট অধিনায়ক রাহানে এদিন আগাগোড়া আগ্রাসী মেজাজে ছিলেন। তাঁর পঞ্চাশ আসে মাত্র ২০ বলে। তবে তারপরই বাকিদের সুযোগ করে দেওয়ার জন্য ডাগ আউটে ফেরেন তিনি।
গ্রিন আবার পঞ্চাশে পৌঁছান ছক্কা মেরে। তবে বার তিনেক জীবন পান তিনি। পড়ে সহজ ক্যাচও। সুযোগের সদ্ব্যবহারে ভুল করেননি ২৫ কোটিতে কেনা অজি তারকা। হাফ-সেঞ্চুরির পর তিনি ফেরেন মণীশ পাণ্ডের নেওয়া অসাধারণ ক্যাচে। রামনদীপ সিং মাত্র ১৫ বলে ৪২ করেন তিনি। রিঙ্কু সিংও (৮ বলে ২৪) ছন্দে রয়েছেন । প্রথমে ব্যাট করে ‘গোল্ড’ তোলে ২৪৯-৫। ‘পার্পল’ লড়েও ১ রানে পরাস্ত হয়। রাচীন রবীন্দ্র, মনীশ পান্ডে ব্যর্থ। কার্তিক ত্যাগী বল হাতে তিন উইকেট তুলে নেন। এদিন ব্যাট করার সময় মুজারবানির বলে হাতে আঘাত পান তেজস্বী দাহিয়া।