


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গা পুজোর ঠিক আগেই চালু হতে পারে ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে কথাবার্তাও হয়ে গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে মৈত্রী, বন্ধন এবং মিতালি এই তিনটি ট্রেনই ফের দুই দেশের মধ্যে চলাচল শুরু করে দেবে। এর পাশাপাশি আরও একটি অতিরিক্ত ট্রেনের দাবিও জানানো হয়েছে বাংলাদেশ রেলের তরফ থেকে। দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কলকাতা-রাজশাহী লাইনে একটি ট্রেন চালানোর দাবি জানানো হয়েছে। সূত্রের খবর, তাতে রাজি হয়েছে ভারতীয় রেলও। এবার দুই দেশের সরকার তাতে সম্মতি দিলেই ফের ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। দুই দেশের মধ্যে রেল বিষয়ে পারষ্পরিক সহযোগিতাও বর্তমানে বাড়ছে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে অত্যাধুনিক ১৯ কোচের এসি প্যাসেঞ্জার রেক দেওয়া হয়েছে। এছাড়াও ২০১৪ সালে হওয়া চুক্তি অনুযায়ী আরও ২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার কোচ কিনবে বাংলাদেশ।
উল্লেখ্য, ২০০৮ সালে পয়লা বৈশাখের দিন ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস চালু হয়। এরপর ২০১৭ সালে চালু হয় বন্ধন এক্সপ্রেস। যা যোগাযোগ স্থাপন করত খুলনা-কলকাতায়। শেষে ২০২২ সালে মিতালি এক্সপ্রেস চালু করা হয়। যা চলত ঢাকা-নিউ জলপাইগুড়ির মধ্যে। কিন্তু ২০২৪ সালে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্কের সাময়িক অবনতি ঘটে। যার জেরে দুই দেশের মধ্যে চলাচলকারী ট্রেনগুলির পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এমনকী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসাও বন্ধ করে দেয় ভারত সরকার। এরপর বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর ফের দুই দেশের মধ্যে ভিসা পরিষেবা চালু করা হয়। আর এবার ফের চালু হতে চলেছে ট্রেন পরিষেবাও।