


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যে বর্ষা সক্রিয় থাকবে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি চলবে। কয়েকটি জেলায় এই সময়ে এক বা একাধিক দিনের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
নিম্নচাপটি গতকাল, বৃহস্পতিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর লাগোয়া উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের উপর ছিল। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়ে ওড়িশা-গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ড-ছত্তিশগড়ের দিকে যাবে।
আজ, শুক্রবার রথযাত্রার দিন দুই ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। রবি থেকে মঙ্গলবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলারও কিছু স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া জেলাগুলিতে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিম্নচাপটি সরে যাওয়ার পরেও সক্রিয় মৌসুমি বায়ুর জন্য রাজ্যে বৃষ্টি চলবে।