


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে শহর কলকাতার আকাশ রয়েছে পরিষ্কার। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, যে কোনও মুহূর্তে মেঘাচ্ছন্ন হতে পারে আকাশ। পাশাপাশি, শুক্রবার শহর কলকাতায় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা বার্তাও শুনিয়েছে হাওয়া অফিস।
কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২৪ ডিগ্রির আশেপাশে। গতকাল, বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩২ ডিগ্রি ও ২৩.৯ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় স্বাভাবিক হলেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম। গতকাল দিনভর আকাশ মেঘলা থাকায় স্বস্তি পেয়েছে আমজনতা।
আবহাওয়ার রিপোর্ট বলছে, আজ কলকাতার পাশাপাশি ঝড়-বৃষ্টির সাক্ষী থাকতে পারে দক্ষিণবঙ্গও। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আজ শুক্রবার ও কাল শনিবার কলকাতা এবং সংলগ্ন এলাকায় এক বা একাধিক দফায় ঝড়বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। দু’দিনই দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। রবিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে।