


সংবাদদাতা, রামপুরহাট : সাহেবগঞ্জ লুপ লাইন এবং রামপুরহাট-দুমকা লাইনের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনে বহু প্রতীক্ষিত ‘রামপুরহাট রেল বাইপাস’ প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগচ্ছে। রেল মন্ত্রক এবং কেন্দ্র সরকারের তরফে বীরভূম জেলার অধীনে এই প্রস্তাবিত বাইপাস লাইনের জমি অধিগ্রহণের জন্য অফিশিয়াল গ্যাজেট নোটিফিকেশন জারি হয়েছে।
বীরভূম জেলায় নির্মিত হতে যাওয়া প্রায় ১২.১০ কিলোমিটার দীর্ঘ এই রেল লাইনকে কেন্দ্রীয় সরকারের বিশেষ রেল প্রকল্প হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে। সম্প্রতি জমি অধিগ্রহণের সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় এই প্রকল্প বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।
প্রস্তাবিত নকশা অনুযায়ী, সাহেবগঞ্জ লুপ লাইনের রামপুরহাট পরবর্তী সাদীনপুর স্টেশন থেকে রামপুরহাট-দুমকা লাইনের আদলপাহাড়ি স্টেশন পর্যন্ত এই ১২.১০ কিমি দীর্ঘ নতুন রেল ট্র্যাকটি বিস্তৃত হবে।
বর্তমানে উত্তরবঙ্গ, মালদা বা মুর্শিদাবাদের দিক থেকে আসা যে সব ট্রেন দুমকা, দেওঘর, ভাগলপুর বা জসিডি অভিমুখে যায়, সেগুলিকে রামপুরহাট জংশন স্টেশনে প্রবেশ করিয়ে ইঞ্জিনের মুখ ঘোরাতে হয়। এতে রামপুরহাট জংশনে ট্রেনের ভিড় বাড়ার পাশাপাশি ৩০ থেকে ৪৫ মিনিট বা তারও বেশি সময় অপচয় হয়।
বাইপাস লাইন চালু হলে ট্রেনগুলি রামপুরহাট জংশনে না ঢুকেই সরাসরি সাদীনপুর থেকে আদলপাহাড়ির পথ ধরে গন্তব্যে যেতে পারবে। এর ফলে, দূরপাল্লার ট্রেন ও পণ্যবাহী মালগাড়িগুলির যাতায়াতের সময় অনেকটাই বেঁচে যাবে। কমবে জ্বালানি খরচও। তেমনই ব্যস্ততম রামপুরহাট জংশনের প্ল্যাটফর্মে চাপ ও ট্রাফিক জটও কমবে। এই প্রকল্প সম্পুর্ণ হলেই উত্তরবঙ্গ থেকে দুমকা, দেওঘরের সঙ্গে মালদহ, শিলিগুড়ির ট্রেন চলাচল শুরু হবে বলে আশা রাজগ্রাম রেলযাত্রী সংঘের সদস্য অচিন্ত্য ঘোষের।
তবে রামপুরহাট প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষে অনিল বোথরা বলেন, এই প্রকল্পের ফলে রামপুরহাটের মানুষের খুব একটা উপকার হবে না। বাইপাস লাইন হলে ট্রেনগুলি সাদীনপুর হয়ে সরাসরি আদলপাহাড়ি দিয়ে পেরিয়ে যাবে, রামপুরহাট জংশনে ঢুকবে না। ফলে ওই রুটের ট্রেনগুলি ধরতে হলে রামপুরহাটের মানুষকে আদলপাহাড়ি স্টেশনে যেতে হবে। বর্তমানে রামপুরহাট থেকে আদলপাহাড়ি পর্যন্ত লাইনটি সিঙ্গেল এবং ট্রেনের সংখ্যাও কম। রেল সূত্রে খবর, জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত লাইন পাতার কাজ শুরু হবে, যা ভবিষ্যতে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে ঝাড়খণ্ড ও বিহারের মধ্যে ট্রেন পরিবহণে এক নয়া মাইলফলক গড়ে তুলবে।