


‘ধুরন্ধর’ দিয়ে ২০২৫ শেষ করছেন রণবীর সিং। বক্স অফিসে এখনও পর্যন্ত ৫০০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। রণবীরেরও প্রশংসা হচ্ছে নানা মহলে। ২০২৬-এও তাঁর ঝুলি উপচে পড়ছে। হাতে রয়েছে ফারহান আখতারের ‘ডন ৩’। সেই ছবি ঘিরে দর্শকের প্রত্যাশা রয়েছে। এরপরই বহু প্রতীক্ষিত ‘জম্বি’ ছবির কাজ শুরু করবেন রণবীর। এখনও পর্যন্ত ছবির নাম রাখা হয়েছে ‘প্রলয়’। আগামী জুলাই নাগাদ শুরু হতে পারে শ্যুটিং। পরিচালনার দায়িত্বে রয়েছেন জয় মেহেতা। সামাজিক বহু নিয়মের বিরুদ্ধাচারণ করে তৈরি এই ছবির গল্প। দর্শক একেবারে অবাক হয়ে যাবেন, এই দাবি করছেন নির্মাতারা। ছবির সামান্য অংশ মুম্বইতে শ্যুটিং হবে। বাকিটা হবে দেশ ও দেশের বাইরের নানা লোকেশনে।
সূত্রের খবর, রণবীর নিজে এই ছবির শ্যুটিং শুরুর জন্য মুখিয়ে রয়েছেন। কারণ এই ধরনের চিত্রনাট্য তাঁর কেরিয়ারে প্রথম। সামাজিক ও মানসিক দিক থেকে নাকি বহু চমক থাকবে ছবিতে। নতুন ঘরানার ছবিতে নিজেকে ভাঙতে পছন্দ করেন নায়ক। তাই ‘প্রলয়’ তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ। ‘ডন ৩’-এর কাজ শেষ করে এই ছবির জন্য ওয়ার্কশপও করবেন রণবীর। সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তবে তিনি মাঠে নামতে চান। ছবির অন্যান্য অভিনেতাদের সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে রণবীরের কেরিয়ারে এই ছবি বাঁক বদল করবেই সে সম্পর্কে নিশ্চিত তাঁরা। সব বয়সের দর্শকের জন্যই তৈরি হবে ছবিটি।