


ঐতিহাসিক ও পুরাণ নির্ভর ধারাবাহিকের প্রতি দর্শকের অমোঘ টান। টিআরপি তালিকার মার্কশিট বারবার এদিকেই ইঙ্গিত দিয়েছে। আরও একবার তা প্রমাণিত। সৌজন্যে স্টার জলসার ‘রাজ রাজেশ্বরী রানি ভবানী’। রাজনন্দিনী পাল অভিনীত ধারাবাহিকটি প্রথম সপ্তাহ থেকেই দর্শকের নজর কেড়েছিল। প্রথম থেকেই টিআরপি তালিকার উপরের দিকেই জায়গা করে নিয়েছিল ধারাবাহিকটি। অবশেষে পুরো টিমের স্বপ্নপূরণ। শীর্ষস্থান দখল করল এই সিরিয়াল। খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত পর্দার ভবানী। রাজনন্দিনী বলেছেন, ‘ভীষণ খুশি। এত তাড়াতাড়ি বেঙ্গল টপার হয়ে উঠতে পেরে খুব খুশি। আমাকে সকলে অভিনন্দন জানাচ্ছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে গোটা টিমের জন্যই এই সাফল্য সম্ভব হয়েছে। রিসার্চ, লেখা থেকে শুরু করে সকলে অক্লান্ত পরিশ্রম করেন। তবেই প্রতিটি পর্ব দর্শকের কাছে পৌঁছে যায়। সকলের প্রচেষ্ট ছাড়া এই সাফল্য আসত না।’ রাজনন্দিনীর সংযোজন, ‘সবচেয়ে বড় ধন্যবাদ প্রাপ্য দর্শকের। কারণ তাঁরাই সব। তাঁরাই এত তাড়াতাড়ি আমাদের আপন করে নিয়েছেন। আমাদের রেটিং বরাবরই খুব ভালো যাচ্ছিল। তবে আমরা বেঙ্গল টপার হতে পেরেছি, এটা ভেবেই ভীষণ আনন্দ হচ্ছে। আশা করি এই সাফল্য অনুপ্রাণিত করবে। আরও এনার্জি দিয়ে ভালো কাজ করব।’