


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড ফাইনালের প্রস্তুতি শুরু ইস্ট বেঙ্গলে। টিম-হোটেলে সাপোর্ট স্টাফেদের সঙ্গেই দ্বিতীয় সেমি-ফাইনালে নজর রেখেছিলেন আন্তোনিও লোপেজ হাবাস। মোহন বাগান জিততেই মুহূর্তে আবহ বদল। বৃহস্পতিবার রাতেই ডার্বি মোডে ঢুকে পড়ল ইস্ট বেঙ্গল। টাই-ব্রেকারের কথা ভেবে খুঁটিনাটি নোটও নেন স্প্যানিশ কোচ। মরশুমের প্রথম বড়ো ম্যাচে জিতেছে মোহন বাগান। ফলে চাপ বাড়ছে হাবাসের উপর।
আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্ট মিলিয়ে টানা ম্যাচ খেলছে ইস্ট বেঙ্গল। পর্যাপ্ত রিকভারির সময় নেই। এদিন হালকা জিম করিয়েই ফুটবলারদের ছুটি দিলেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। শুক্রবার প্রথম এগারো ঝালিয়ে নেবেন তিনি। সেমি-ফাইনালে দিল্লি এসসি’র বিরুদ্ধে কাফ মাসলে টান ধরেছিল জেসিন টিকের। কেরালাইট ফুটবলার কি ফাইনালে মাঠে পারবেন? লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট তাঁকে খেলানোর বিষয়ে আশাবাদী। আসলে হাবাসের হাতে কোনও বিদেশি স্ট্রাইকার বা ডিফেন্ডার নেই। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কম্বিনেশন। বিদেশি ফুটবলার ছাড়া প্রতিপক্ষ রক্ষণে ফাটল ধরানো সমস্যার। জেসিন বা ডেভিড চেষ্টা করলেও অভিজ্ঞতার অভাবে ভুগছেন। তাই গোলের সুযোগ তৈরি হলেও লক্ষ্যভেদের সমস্যায় জেরবার হাবাস। এফিয়ংকে দ্রুত উড়িয়ে আনতে লাল-হলুদ কর্তারা তৎপর। কিন্তু ভিসা সমস্যা মেটেনি।