


বেঙ্গালুরু, ১৫ এপ্রিল: লখনউকে ৫ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ, বুধবার আইপিএলের ২৩-তম ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয় আরসিবি ও লখনউ সুপার জায়ান্টস। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। ব্যাট করতে নেমে শুরু থেকেই সমস্যায় পড়ে লখনউয়ের টিম। মার্করাম ১২ রানে, পুরান ১ রানে প্যাভিলিয়নে ফিরে যান। মাটি আঁকড়ে লড়াই চালাচ্ছিলেন মিচেল মার্শ। শেষে তিনিও ৪০ রানের মাথায় ক্রুনালের বলে বোল্ড হন। সামাদ আউট হন ০ রানে। বাদোনির ৩৮ রান দলকে কিছুটা অক্সিজেন যোগায়। আজও জ্বলে উঠতে পারেননি কিপার তথা অধিনায়ক ঋষভ পন্থ। ১ রানে ভুবনেশ্বর কুমারের বলে সল্টের হাতে ক্যাচ তুলে আউট হন তিনি। এরপর জর্জ লিন্ডে ৭, মহম্মদ সামি ০ এবং আবেশ খান করেন ১ রান। মুকুল চৌধুরির ২৮ বলে ৩৯ রানের সুবাদে কোনওরকমে ১৪৬ রানের গণ্ডিতে পৌঁছয় টিম লখনউ। আরসিবির হয়ে ৪টি উইকেট নেন রশিখ সালাম দার। ৩টি উইকেট পান ভুবনেশ্বর কুমার। ২টি উইকেট পান ক্রুনাল এবং ১টি নেন হ্যাজালউড।
এরপর জয়ের জন্য ১৪৭ রানের টার্গেট তাড়া করতে নামে আরসিবি। ১.৪ ওভারে দলের ৯ রানের মাথায় আউট হন সল্ট। করেন মাত্র ৭ রান। পাদিক্কাল আউট হন ১০ রানে। হাফসেঞ্চুরি মিস করেন বিরাট কোহলি। প্যাভিলিয়নে ফেরেন ৪৯ রানে। অধিনায়ক পাতিদার করেন ২৭ রান। কিপার জীতেশ ২৩ রানের মাথায় প্রিন্সের বলে মুকুল চৌধুরীর হাতে ক্যাচ তুলে আউট হন। ম্যাচের হাল ধরে থাকেন টিম ডেভিড (১৪) এবং রোমারিও শেফার্ড (১৪)। দুজনেই অপরাজিত থাকেন। ১৫.১ ওভারে ১৪৯ রানে তোলে পাতিদারের টিম। ৫ উইকেটে হারায় লখনউকে। লখনউ সুপার জায়ান্টসের প্রিন্স যাদব নেন ৩টি উইকেট। ২টি উইকেট আসে আবেশ খানের ঝুলিতে।