


মাদ্রিদ: ‘অবিশ্বাস্য। এমন রাতের স্বপ্ন সবাই দেখে।’ ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে বারবার গলা বুজে আসছিল ফেডেরিকো ভালভার্দের। হাতে জ্বলজ্বল করছে ক্যাপ্টেন্স ব্যান্ড। চোখেমুখে তৃপ্তির হাসি। আসলে রিয়াল মাদ্রিদ জার্সিতে প্রথম হ্যাটট্রিকের রেশ তখনও কাটেনি। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে উরুগুয়ান মিডিওর দুরন্ত হ্যাটট্রিকে ভর করে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার সিটিকে দুরমুশ করল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে কেন তারা সেরা, তা ফের প্রমাণ করল স্প্যানিশ জায়ান্টরা।
দলের একাধিক ফুটবলারের অনুপস্থিতিতে এদিন রিয়ালকে একার কাঁধে টানলেন ভালভার্দে। প্রথমার্ধে ৪২ মিনিটের মধ্যেই হ্যাটট্রিকের সুবাদে দলের জয় নিশ্চিত করেন তিনি। তিনটি গোলের মধ্যে প্রথমটি সেরা। ২০ মিনিটে থিবো কুর্তোয়ার লং শট ধরে প্রতিপক্ষ গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান ভালভার্দে। এরপর ২৭ ও ৪২ মিনিটে সিটির জাল কাঁপিয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস পেনাল্টি নষ্ট না করলে সিটির লজ্জা আরও বাড়ত। ১৭ মার্চ এতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগে মুখোমুখি হবে দু’দল। ঘুরে দাঁড়াতে ঘরের মাঠে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে পেপ গুয়ার্দিওলা ব্রিগেডকে।
দিনের অপর ম্যাচে চেলসিকে ৫-২ গোলে হারাল পিএসজি। ঘরের মাঠে দুরন্ত জয়ে ক্লাব বিশ্বকাপ ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল প্যারিসের ক্লাবটি। ম্যাচে জোড়া গোলে নায়ক খাভিচা কাভারাতসখেলিয়া। এছাড়া বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন বার্ডলে বারকোলা, উসমানে ডেম্বেলে ও ভিতিনহা। চেলসির দুই গোলদাতা মালো গুস্তো ও এনজো ফার্নান্ডেজ। ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও সমতা ফেরায় চেলসি। তবে শেষ ১৫ মিনিটে প্রতিপক্ষের উপর কার্যত বুলডোজার চালায় লুই এনরিকে ব্রিগেড।
চ্যাম্পিয়ন্স লিগে হোঁচট খেল আর্সেনাল। বুধবার অ্যাওয়ে ম্যাচে বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল গানাররা। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে রবার্ট আন্ড্রিচের গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে হার বাঁচায় আর্তেতা ব্রিগেড। পেনাল্টি থেকে স্কোরশিটে নাম তোলেন কাই হাভার্ট। অন্য ম্যাচে স্পোর্টিং লিসবনকে ৩-০ গোলে হারাল বোডো।