


সংবাদদাতা, শিলিগুড়ি ও বাগডোগরা: সোনা দিয়ে সোনার মেয়েকে বরণ করল শিলিগুড়ি। বিশ্বকাপ জিতে শুক্রবার বাড়ি ফিরলেন রিচা ঘোষ। ঘরের মেয়েকে স্বাগত জানাতে রাস্তার মোড়ে মোড়ে ছিল ভিড়। বিকেলে বিশ্বকাপজয়ীকে নাগরিক সংবর্ধনা জানায় শিলিগুড়ি পুরসভা। আতসবাজির রোশনাইয়ে লাল কার্পেটে হেঁটে মঞ্চে ওঠেন রিচা। পুলিশের ব্যান্ডে বেজে ওঠে জাতীয় সঙ্গীতের সুর। পড়ে শোনানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা। এরপর উপহারস্বরূপ তুলে দেওয়া হয় সোনার ব্রেসলেট। শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি তাঁকে দেয় সোনার চেন। সংবর্ধনা জানায় রিচার ক্লাব বাঘাযতীন অ্যাথলেটিকও।
এত মানুষের ভালোবাসায় অভিভূত রিচা। তিনি বলেন, ‘এমন উন্মাদনা দেখে মন ভরে গিয়েছে। এই অনুভূতি বোঝানোর মতো ভাষা আমার নেই। বিশ্বকাপ জয়ের সুবাদে মহিলা ক্রিকেটের প্রসার ঘটবে সর্বস্তরে।’ তাঁর সাফল্যের নেপথ্যে বাবা-মায়ের অবদানের কথাও উল্লেখ করেন রিচা। শিলিগুড়ির মতো শহর থেকে জাতীয় স্তরে উঠে আসার রাস্তায় কম প্রতিবন্ধকতা ছিল না। ঘরের মেয়ের স্মৃতিচারণ, ‘বাবা-মা আমার জন্য অনেক আত্মত্যাগ করেছেন। প্র্যাকটিস ও ম্যাচ খেলার জন্য সময়মতো কলকাতায় নিয়ে গিয়েছেন আমাকে। এটাই আমার জীবনের টার্নিং পয়েন্ট।’
শিলিগুড়ি পুরসভা তাদের ইন্ডোর স্টেডিয়ামের একটি স্ট্যান্ড রিচার নামে করার সিদ্ধান্ত নিয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র গৌতম দেব বলেন, ‘রিচা এখন মহিলাদের রোল মডেল। ওর কৃতিত্বকে সম্মান জানাতে ইন্ডোর স্টেডিয়ামের একটি স্ট্যান্ড রিচার নামে রাখছি। শীঘ্রই পুনর্নির্মিত সেই ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধন হবে।’
বাগডোগরা বিমানবন্দরে এদিন সকাল থেকেই জমছিল ভিড়। বাবা, কাকা, ভাই-বোন, আত্মীয়স্বজনরা ব্যাকুল হয়ে উঠেছিলেন রিচার আগমনের অপেক্ষায়। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দু’ঘণ্টা দেরিতে নামে রিচার উড়ান। সোনার মেয়েকে বিমানবন্দরে স্বাগত জানাতে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। হুডখোলা জিপে কনভয় করে সুভাষপল্লীর বাড়িতে আনা হয় তাঁকে। সেখানেও বাদ্যযন্ত্র সহকারে সকাল থেকেই অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। ঠিক দুপুর ১টা ৪০ মিনিটে ভিড় ঠেলে বাড়িতে পৌঁছন রিচা। শুরু হয় পুষ্পবৃষ্টি। প্রদীপ জ্বালিয়ে মেয়েকে বরণ করেন মা স্বপ্না ঘোষ। সকালেই রিচার জন্য পায়েস রান্না করে রেখেছিলেন তিনি। পরম স্নেহে খাওয়ান মেয়েকে। বাড়িতে ঢুকেই সোজা তিনতলায় উঠে যান রিচা। সেখান থেকে অপেক্ষারত ভক্তদের উদ্দেশে হাত নেড়ে কৃতজ্ঞতা জানান। ‘রিচা রিচা’ চিৎকারে তখন কান পাতা দায়।
শনিবার কলকাতায় পৌঁছবেন রিচা। বিকেল পাঁচটায় ইডেন গার্ডেন্সে তাঁকে সংবর্ধনা দেবে সিএবি। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। পাশাপাশি ক্রীড়ামন্ত্রী এবং টলিউডের দুই তারকা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলির উপস্থিতিতে সোনায় বাঁধানো ব্যাট উপহার দেওয়া হবে রিচাকে। এছাড়া ফাইনালে করা প্রত্যেক রানের জন্য এক লক্ষ টাকা করে পুরস্কার! খেতাবি লড়াইয়ে রিচা ৩৪ রানের ইনিংস উপহার দিয়েছিলেন। তাই শিলিগুড়ির ধন্যি মেয়ের হাতে তুলে দেওয়া হবে মোট ৩৪ লক্ষ টাকা।