


রায়পুর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের বড় প্রাপ্তী রিঙ্কু সিং। এই বিধ্বংসী ব্যাটারের দক্ষতা নিয়ে সংশয়ের অবকাশ কখনই ছিল না। তবে ভারতীয় দলে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না রিঙ্কু। শুভমান গিল বাদ পড়ায় ওপেন করছেন সঞ্জু স্যামসন। তাতে ফিনিশার রোলে ভাগ্যের শিকে ছিঁড়েছে তাঁর। আর সুযোগের সদ্ব্যবহারেও ভুল হল না। বুধবার সাত নম্বরে ব্যাট করতে নেমে ২০ বলে অপরাজিত ৪৪ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়েছেন তিনি। আর সেটাই ম্যাচে পার্থক্য গড়ে দিল। খেলা শেষে রিঙ্কু জানিয়ে দিলেন, ফিনিশারের দায়িত্ব দারুণভাবে উপভোগ করছেন। কেকেআরের তারকার কথায়, ‘টিমে নিয়মিত সুযোগ পাচ্ছিলাম না। তাই চাপ তো ছিলই। তাই পরিকল্পিতভাবে খেলছিলাম। ওভারে দু-একটা বাউন্ডারির মারার সঙ্গে সঙ্গে সিঙ্গলসটাও চালু রেখেছিলাম। আর শেষ দিকে ঝুঁকি নিয়ে যতটা সম্ভব স্কোরবোর্ড এগিয়ে গিয়েছি। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি।’
ব্যাটিংয়ে পাশাপাশি রিঙ্কু ফিল্ডিংয়েও দারুণ নজর কেড়েছেন। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সে মুগ্ধ রবিচন্দ্রন অশ্বিনও। তাঁর কথায়, ‘ওপেনার হিসেবে সঞ্জু স্যামসনের দক্ষতা আমার জানি। শিবম দুবে কিন্তু ফিনিশার নয়। স্পিনের বিরুদ্ধে ভালো খেলে। দ্বিতীয় উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ঈশান কিষানও দলে এসেছে। হার্দিক অসাধারণ ফিনিশার। তা সত্ত্বেও ডেথ ওভারে মারকুটে ব্যাটারের খামতি ছিল। যা মিটিয়েছে রিঙ্কু। প্রথম বল থেকেই বড় শট খেলার দক্ষতা রাখে ও। পেস বোলারদের বিরুদ্ধে দারুণ কার্যকরী। স্পিনটাও ভালো খেলে। টি-২০ বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হয়ে উঠতে পারে রিঙ্কু।’