


মুম্বই: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটের জেরে রিটায়ার্ড হার্ট হয়েছিলেন রোহিত শর্মা। ১৩ বলে অপরাজিত ১৯ রান করে মাঠ ছাড়েন তিনি। আর ব্যাট করতে নামেননি হিটম্যান। ফলে তাঁর চোট নিয়ে জল্পনা শুরু হয়। মুম্বই ইন্ডিয়ান্সের পরের ম্যাচ বৃহস্পতিবার, প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। সেই ম্যাচেও অনিশ্চিত রোহিত। স্ক্যান রিপোর্টের ভিত্তিতে ঠিক হবে শ্রেয়স আয়ারদের বিরুদ্ধে তিনি খেলবেন কিনা। এমনিতেই চলতি আইপিএলে একেবারেই ছন্দে নেই মুম্বই ইন্ডিয়ান্স। চার ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটিতে। আরসিবি’র বিরুদ্ধে মর্যাদার ম্যাচে ১৮ রানে হারে তারা। এই পরিস্থিতিতে রোহিতের চোট সমস্যা আরও বাড়াল। ৩৮ বছর বয়সি এখনও পর্যন্ত ১৩৭ রান করেছেন।
এদিকে, মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া দলে আত্মসমীক্ষার প্রয়োজনের কথা মেনে নিয়েছেন। তাঁর কথায়, ‘আমরা বড্ড বেশি রান দিয়ে ফেলছি। গত কয়েক ম্যাচে বোলিং-ব্যাটিং, কোনোটাই ভালো হয়নি। আমরা খালি পিছু ধাওয়া করছি, নিজেরা দাপট দেখানোর জায়গায় পৌঁছাতে পারছি না। পরের ম্যাচের আগে হাতে কয়েকটা দিন পাচ্ছি। অনেক বিষয়ে নতুন করে ভাবতে হবে। কোনো ব্যাটিং-বোলিংয়ে আমাদের হাতে আর কী কী বিকল্প রয়েছে, তা দেখতে হবে।’ দলে পরিবর্তনের ইঙ্গিতই দিয়েছেন তিনি। পরাজয়ের হ্যাটট্রিকের পর হার্দিক আরও বলেন, ‘ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগতে হবে। হতাশ হলে চলবে না।’ উল্লেখ্য, আরসিবি’র বিরুদ্ধে ২৪১ রান তাড়া করতে নেমে ১৫৪ রানে পাঁচ উইকেট হারায় মুম্বই। চাপের মুখে শেরফানে রাদারফোর্ডের ৩১ বলে ৭১ আরও বড় ব্যবধানে পরাজয়ের লজ্জার হাত থেকে বাঁচায় দলকে। রাদারফোর্ডের ইনিংস নিয়ে হার্দিকের মন্তব্য, ‘আমরা জানি, ও কতটা প্রতিভাবান। যেভাবে চালিয়ে খেলেছে, তাতে দলের ব্যাটিং গভীরতা বেড়েছে অনেকটাই।’ ফর্মে না থাকা তিলক ভার্মাকে বসিয়ে রাদারফোর্ডকে ব্যাটিং অর্ডারে প্রমোশনের ভাবনাও ভাসছে শিবিরে।