


দুবাই: আল নাসেরের হয়ে প্রথম মেজর ট্রফি জয় থেকে আর এক কদম দূরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র শেষ চারের লড়াইয়ে শুরুতে পিছিয়ে পড়েও আল আহলিকে ৫-১ গোলে হারাল তারা। ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক কিংসলে কোম্যানের। এছাড়া বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও আবদুল্লা আল-হামদান। আল আহলির একমাত্র গোলটি সেকু আনসানের। উল্লেখ্য, ২০২৩ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে আল নাসেরে যোগ দেন সিআরসেভেন। তবে গত দুই মরশুমে তাঁর সাফল্য বলতে শুধুই আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ। তবে সৌদি লিগে চলতি মরশুমে দারুণ ছন্দে আল নাসের। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’তেও খেতাব জয়ের আরও কাছে তারা। আগামী ১৬ মে ফাইনালে গাম্বা ওসাকার মুখোমুখি হবে আল নাসের।