


মেলবোর্ন: মধুর প্রতিশোধ ছাড়া আর কী! তিনবছর আগে রীতিমতো চমক দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন এলিনা রিবাকিনা। কিন্তু খেতাবি লড়াইয়ে আরিনা সাবালেঙ্কার বিরুদ্ধে প্রথম সেটের দখল নিয়েও শেষরক্ষা হয়নি। কোর্ট ছেড়েছিলেন চোখের জলে। মেলবোর্ন পার্কে সেই পরাজয়ের মধুর প্রতিশোধ নিলেন কাজাখস্তানের ২৬ বর্ষীয়া সুন্দরী। শনিবার মহিলাদের সিঙ্গলস ফাইনালে শীর্ষ বাছাই সাবালেঙ্কার পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম জয়ের আশায় জল ঢেলে দিলেন তিনি। স্বাদ পেলেন কেরিয়ারের দ্বিতীয় মেজর ট্রফির। দুই ঘন্টা ১৮ মিনিটের নাটকীয় লড়াইয়ে রিবাকিনা জিতলেন ৬-৪, ৪-৬, ৬-৪ সেটে।
তাৎপর্যের হল, ২০২৩ ফাইনালের স্মৃতিই ফিরে এসেছিল শনিবার। সেবারের মতো এদিনও রড লেভার এরিনায় প্রথম সেট জেতেন পঞ্চম বাছাই রিবাকিনা। কিন্তু পাল্টা আক্রমণে দ্বিতীয় সেট জিতে দ্রুত সমতায় ফেরেন সাবালেঙ্কা। মনে হচ্ছিল, ইতিহাসের পুনরাবৃত্তিই ঘটাতে চলেছেন বেলারুশিয়ান তারকা। তৃতীয় সেটের শুরুতেও অপ্রতিরোধ্য দেখাচ্ছিল তাঁকে। এগিয়ে গিয়েছিলেন ৩-০ ব্যবধানে। কিন্তু হাল ছাড়েননি রিবাকিনা। খাদের কিনারা থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ান তিনি। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে পরপর পাঁচটি গেম জেতেন। তারমধ্যে টানা দু’বার ভাঙেন সাবালেঙ্কার সার্ভিস। শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে তৃতীয় সেট ছিনিয়ে নেন তিনি। চোখেমুখে যন্ত্রণামুক্তির পরম প্রশান্তি। সেটাই স্বাভাবিক। প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের স্বাদ পেলেন যে! সার্বিকভাবে এটা তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। অন্যদিকে, এই নিয়ে পরপর দু’বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বশ মানলেন সাবালেঙ্কা। গতবছর ম্যাডিসন কি’র কাছে হাতছাড়া হয়েছিল খেতাব।
শক্তিশালী সার্ভিসের জন্য বিশেষ খ্যাতি রয়েছে রিবাকিনার। এদিন মোট ৪৭টি ‘এস’ মারেন তিনি। এমনকী, বিদ্যুৎগতির এস সার্ভিসেই যবনিকা টানেন প্রতিশোধের ম্যাচে। ট্রফি হাতে রিবাকিনা বলছিলেন, ‘এই জয় স্পেশাল। উচ্ছ্বাস প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। তবে দুর্দান্ত লড়াইয়ের জন্য অভিনন্দন সাবালেঙ্কাকে।’