


নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দু’মাসে নিউটাউনে পরপর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় সাতজন। এবার বেপরোয়া সিমেন্ট মিক্সিং ট্রাকের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক স্কুলছাত্রের। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রাজারহাটের পাকাপোলগামী ৯১ রোডের উপর ঝালগাছি এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম রোহিত বিশ্বাস (১৫)। রাজারহাটের বড়ো বাগু গ্রামের বাসিন্দা। সে স্থানীয় বাগু সপ্তগ্রাম সর্বেশ্বর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। দুর্ঘটনায় জখম হয়েছেন মৃতের দাদা অনুপম বিশ্বাসও। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। দাদার বাইকের পিছনে চেপে ৯১ রোড ধরে শিখরপুরের দিক থেকে পাকাপোলের দিকে যাচ্ছিল রোহিত। ঝালগাছি এলাকায় হঠাৎ, বেপরোয়া গতিতে একটি সিমেন্ট মিক্সিং গাড়ি বাইকের একেবারে পিছনে চলে আসে। পিছন থেকে ট্রাকটি বাইকে ধাক্কা দেয়। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে দুই ভাই। রোহিতের মাথা ফেটে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়। রাস্তা কার্যত ভেসে যায়। অল্প চোট পান তার দাদা। দু’জনকেই উদ্ধার করে রাজারহাট ব্লকের রেকজোয়ানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রোহিতকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারে মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া নেমে আসে।
এদিকে, এই দুর্ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনাও তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের অনেকেই দুর্ঘটনাস্থলে জড়ো হয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, রাজারহাটে ব্যস্ত ৯১ রোডে লরি, ডাম্পার সহ গাড়ির দাপাদাপি লেগেই রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ। স্থানীয়রা এলাকায় পুলিশি নিয়ন্ত্রণের দাবি তুলেছেন।পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে। গাড়ির চালক ও খালাসি খোঁজ চলছে। এক পুলিশ অফিসার বলেন, সিমেন্ট মিক্সিং ট্রাকের সঙ্গে ধাক্কা হয়েই বাইকটি পড়ে যায়। তবে, ছাত্রের মাথায় কীভাবে চোট লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।