


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬! ক্রীড়াক্ষেত্রে ইংল্যান্ড-স্কটল্যান্ড দ্বৈরথের এক বিশেষ দিন। শনিবার রাগবিতে ঐতিহাসিক ক্যালকাটা কাপে স্কটিশদের মুখোমুখি হচ্ছে ইংরেজ বাহিনী। একই দিনে টি-২০ বিশ্বকাপে লড়াইয়ে নামছে দু’দল। আর কাকতালীয়ভাবে ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে। মর্যাদার লড়াইয়ে কে কাকে টেক্কা দেয়, সেটাই দেখার। রাগবির ফল যাই হোক না কেন, ক্রিকেটে নিশ্চিতভাবেই ফেভারিট ইংল্যান্ড। দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন হ্যারি ব্রুক-ব্রিগেড শক্তির নিরিখে অনেকটাই এগিয়ে। তবে দলের সাম্প্রতিক ফর্ম চিন্তায় রাখবে কোচ ব্রেন্ডন ম্যাকালামকে। গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে চাপে ব্রুকরা। সেই সুযোগ কাজে লাগিয়ে ইংল্যান্ডকে চমকে দিতে মরিয়া স্কটল্যান্ড।
শুক্রবার হ্যারি ব্রুক, ফিল সল্টদের দেখার আশায় বেশ কিছু অনুরাগী ইডেনের প্রধান গেটে ভিড় করেছিলেন। সেই দৃশ্য কিছুটা হলেও উজ্জীবিত করছে ইংল্যান্ড শিবিরকে। প্র্যাকটিসের শুরুতে ফুটবলে মাততে দেখা গেল তাঁদের। তারপর নেটে ব্যাট করলেন বাটলাররা। সল্টের আবার এই মাঠ খুব চেনা। আইপিএলে কেকেআরের হয়ে দীর্ঘদিন খেলেছেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘গত ম্যাচের হার অতীত। শনিবার প্রত্যেকে সেরাটা মেলে ধরতে পারলে জয় আটাকাবে না। আর এই মাঠটা স্পেশাল। কেকেআরে থাকাকালীন মেন্টর গৌতম গম্ভীর বলতেন, কয়েকটা বল দেখে তারপর আক্রমণাত্মক হতে। সেই পরামর্শ কাজে লেগেছিল। শনিবার মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।’ উল্লেখ্য, সল্ট, বাটলার, বেথেল, ব্রুকদের উপস্থিতিতে ইংল্যান্ডের ব্যাটিং বেশ শক্তিশালী। তবে বোলিংয়ে জোফ্রা আর্চার, লিয়াম ডসনরা তেমন ফর্মে নেই। পক্ষান্তরে, শুক্রবার দুপুরেই ইডেনে অনুশীলন সারল স্কটল্যান্ড। গত ম্যাচে এই মাঠে ইতালিকে দাপটে হারিয়েছিল স্কটল্যান্ড। সেই ছন্দ ইংল্যান্ডের বিরুদ্ধেও বজায় রাখতে প্রত্যয়ী রিচি বেরিংটনের দল।
ম্যাচ শুরু দুপুর ৩টে।
সম্প্রচার স্টার স্পোর্টসে।