


মাদ্রিদ: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের শনির দশা কিছুতেই কাটছে না। রবিবার প্রিমিয়ার লিগে ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ০-৩ ব্যবধানে বশ মেনেছে রেড ডেভিলস। ম্যাচের তিন গোলদাতা রায়ান, মার্কাস তাভেনিয়ের ও এভানিলসন। এই হারের জেরে লিগ টেবিলে ১৬তম স্থানে রইল ম্যান ইউ। সব টুর্নামেন্ট মিলিয়ে টানা আট ম্যাচে জয় অধরা তাদের। দলের এমন খারাপ পারফরম্যান্সের জেরে ফের একবার কোচ বদলের হাওয়া জোরালো ওল্ড ট্রাফোর্ডে। মাইকেল ক্যারিকের চাকরি নিয়ে শুরু হল টানাপোড়েন। দিনের অপর ম্যাচে ব্রাইটনকে ২-০ ব্যবধানে হারাল লিভারপুল। ম্যাচে ‘দ্য রেডস’ ব্রিগেডের হয়ে জাল কাঁপান আলেকজান্ডার ইসাক। অপর গোলটি আত্মঘাতী। এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকায় চতুর্থস্থানে উঠে এল লিভারপুল (৮ ম্যাচে ১৫ পয়েন্ট)।
এদিকে, মরশুমের শুরুতে আতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন জুলিয়ান আলভারেজ। তবে সেই অধ্যায় এখন অতীত। সময়ের সঙ্গে ক্রমশ নিজেকে দলের সঙ্গে গুছিয়ে নিয়েছেন এই তরুণ স্ট্রাইকার। শনিবার তাঁর গোলেই লা লিগায় গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নিল আতলেতিকো মাদ্রিদ। ঘরের মাঠে ডেপোর্টিভোকে ১-০ গোলে হারাল ডিয়েগো সিমিওনে ব্রিগেড। ম্যাচ শেষে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন আলভারেজ। তিনি বলেন, ‘বিশ্বকাপের পর আমি যে সব মন্তব্য করেছিলাম, তার জন্য অনুরাগীদের কাছে ক্ষমা চাইছি।’