


নয়াদিল্লি, ২২ আগস্ট: ফের সংসদ ভবনের নিরাপত্তা বিঘ্ন। নিরাপত্তা বেষ্টনী ভেঙে গাছে উঠে, পাঁচিল টপকে সংসদ চত্বরে পৌঁছে গেল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। যদিও বড়সড় কিছু ঘটার আগেই ওই ব্যক্তিকে পাকড়াও করে নিরাপত্তারক্ষীরা। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দিল্লি পুলিসকে খবর দেওয়া হয়েছে। আজ, শুক্রবার সকাল ৬টা ৩০ মিনিটে ঘটেছে ঘটনাটি। জানা গিয়েছে, রেলভবনের দিক থেকে গাছে উঠে কোনওভাবে সংসদ চত্বরে ঢুকে পড়ে ওই ব্যক্তি। তারপর পাঁচিল টপকে সংসদের গরুড় দ্বার পর্যন্ত পৌঁছে যান তিনি।
তখনই বিষয়টি নজরে আসে নিরাপত্তারক্ষীদের। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। সংসদের বাদল অধিবেশন এখনও চলছে। তার মাঝেই নিরাপত্তায় এত বড় ফাঁক নিয়ে ফের প্রশ্ন উঠেছে। এর আগেই লোকসভার কক্ষে প্রবেশ করেছিলেন কয়েকজন। ক্যানেস্তার ফাটিয়ে তীব্র প্রতিবাদ জানাতে দেখা গিয়েছিল তাদের। সেই ঘটনার পর সংসদের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও কীভাবে নিরাপত্তা বিঘ্নিত হল তাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছেই। ওই ব্যক্তি কী উদ্দেশ্যে সংসদ চত্বরে প্রবেশ করেছিল? কেন এই পদক্ষেপ? সবটাই জিজ্ঞাসাবাদ করছেন নিরাপত্তারক্ষীরা।