


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামনেই পুজোর মরশুম। আর এই সময়ে বিভিন্ন পর্যটন জায়গায় ঘুরতে পছন্দ করেন একাধিক মানুষ। কিন্তু ঘুরতে যাওয়ার এই মরশুম শুরুর মুখেই ফের ব্যাহত হতে চলেছে ট্রেন চলাচল। ফলে সমস্যার মুখে পড়বেন প্রচুর রেল যাত্রী পর্যটকরা। কীভাবে ঘুরতে যাবেন, তা নিয়ে যথারীতি চিন্তায় পড়ে গিয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, বালিচক রোড ওভারব্রিজের কাজের জন্য বাতিল থাকবে একাধিক ট্রেন। খড়্গপুর ডিভিশনের এলসি গেট লম্বর ৫২-এ স্টিল গার্ডার বসানোর কাজ চলবে। আর সেই জেরেই আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর একাধিক দূরপাল্লার ট্রেন এবং ইএমইউ লোকাল বাতিল করা হয়েছে। পাশাপাশি কিছু দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
অন্যদিকে কেয়কটি দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে চালানো সিদ্ধান্ত নিয়েছে রেল। ১৮ সেপ্টেম্বর যাত্রা শুরু করা ২২৫০২ নিউ তিনসুকিয়া-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস এবং ২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস রামপুরহাট-সাঁইথিয়া-আন্ডাল-আসানসোল-বার্নপুর-আদ্রা-মেদিনীপুর-হিজলি হয়ে চলবে বলে জানা গিয়েছে। সেইসঙ্গে এদিকে, ১৯ সেপ্টেম্বর যাত্রা শুরু করা ১৫৬৪৩ পুরী-কামাখ্যা এক্সপ্রেস হিজলি-মেদিনীপুর-আদ্রা-আসানসোল-হাওড়া হয়ে ঘুরপথে চলাচল করানো হবে।
রেল মারফত জানা গিয়েছে, বালিচক রোড ওভারব্রিজে স্টিল গার্ডার বসানোর কাজ সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।