


সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: ঘড়িতে তখন সকাল ৯টা। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে অনুশীলনের শুরুতেই ব্যাট হাতে নেটে ঢুকে পড়লেন মহম্মদ সামি। তারপর প্রায় চল্লিশ মিনিট ধরে চলল ব্যাটিং প্র্যাকটিস। পরে বল হাতেও আগুন ঝরালেন। সবমিলিয়ে চলতি মরশুমে বাংলার হয়ে প্রথম অনুশীলনে বেশ ফিট দেখাল তারকা পেসারকে। চনমনেও। কোচ লক্ষ্মীরতন শুক্লাও জানিয়ে দিলেন, রনজির প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে সামিকে রেখেই পরিকল্পনা সাজানো হচ্ছে। অথচ ক’দিন আগেই ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছিলেন,সামির ফিটনেস নিয়ে তাঁর কাছে কোনও আপডেট নেই। এদিন ইডেন ছাড়ার সময় তাই নির্বাচক প্রধানকে খোঁচা দিতেও ছাড়লেন না তারকা পেসার। সামির জবাব, ‘আপডেট দেওয়া আমার কাজ নয়। ফিট রয়েছি বলেই তো রনজি ট্রফিতে খেলছি। এনসি’তে গিয়েও ট্রেনিং করেছি। আর ম্যাচ খেলার কথা যদি বলেন, বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, আইপিএল, দলীপ ট্রফিও খেলেছি। যখন ম্যাচ থাকে না নিয়মিত অনুশীলন করি।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজেও তো রাখা হয়নি? সামির মন্তব্য, ‘ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। চার দিনের রনজি খেলতে পারলে, ওডিআই কেন পারব না!’
সামি ছাড়াও বাংলার দলে রয়েছেন আকাশদীপ। বুধবার প্রথমবার এই দুই পেসারকে একসঙ্গে খেলতে দেখা যাবে। সামি বলছিলেন, ‘আকাশদীপ বলছিল, এর আগে আমরা নাকি একসঙ্গে কোনওদিন খেলিনি। ও খুবই উন্নতি করেছে।’ বলার অপেক্ষা রাখে না, বুধবার উত্তরাখণ্ডের বিরুদ্ধে বাংলার প্রধান অস্ত্র পেস বিভাগ। উইকেটে হাল্কা ঘাসও রয়েছে। সামি, আকাশদীপরা যে কোনও ব্যাটিং লাইন-আপকে দুরমুশ করতে সক্ষম। তাছাড়া ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ চ্যাটার্জিদের উপস্থিতিতে ব্যাটিংও যথেষ্ট শক্তিশালী। তাই অপেক্ষাকৃত দুর্বল উত্তরাখণ্ডের বিরুদ্ধে বোনাস সহ পুরো পয়েন্ট তুলে নেওয়াই লক্ষ্য থাকবে।
খেলা শুরু সকাল ৯টায়।